২০ বছর পর আজ জেলা যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ২০ বছর পর আজ বুধবার জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক মহড়ার প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। এতে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের প্রস্তুতি চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী গতকাল মঙ্গলবার বলেন, ‘সম্মেলনে এক লাখ মানুষের সমাবেশ হবে বলে আশা করছি।’
দলীয় সূত্র আরও জানায়, ১৯৯৭ সালে জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে ওই কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আট বছরেও ওই কমিটি সম্মেলন করতে পারেনি। ২০১২ সালে ওই আহ্বায়ক কমিটি বাতিল করে দিদারুল কবীরকে আহ্বায়ক করে আরেকটি কমিটি ঘোষণা করা হয়।