২০ বছর পর জাদি মেলা
দীর্ঘ ২০ বছর পর জাদিটির (বৌদ্ধধর্মীয় প্যাগোডা) পুণ্য আলোয় উদ্ভাসিত হলো স্থানীয় বৌদ্ধ (বড়ুয়া) ও রাখাইন সম্প্রদায়। কক্সবাজারের রামু উপজেলা সদরের তিন কিলোমিটার দূরের একটি পাহাড়ের চূড়ায় জাদিটি অবস্থিত। গত শুক্রবার জাদিপূজা উপলক্ষে পাহাড়টি অসংখ্য পুণ্যার্থীর পদভারে মুখর হয়ে ওঠে।প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড়ে স্থাপিত এবং প্রায় আড়াই শ বছরের স্মৃতিবিজড়িত জাদিটি অযত্ন-অবহেলায় এতদিন পড়ে ছিল। চারদিক থেকে ঝোঁপ-জঙ্গলে গিয়েছিল ঢেকে। ৮০ জন বৌদ্ধ ভিক্ষু ও শ্রমণই শুধু নয়, পূজা উপলক্ষে উঁচু পাহাড়টি ভরে ওঠে শিশু-কিশোর, যুবক এবং বৃদ্ধ-বৃদ্ধায়। স্থানীয় হাইটুপি, শ্রীকুল, পূর্ব মেরংলোয়া রাখাইন ও বড়ুয়া সম্প্রদায়ের যুবকেরা পাহাড়ের চূড়ায় স্বধাতুক জাদিপূজার আয়োজনটি করেন। এ উপলক্ষে সেখানে পুঁথিপাঠ, বুদ্ধপূজা, সীবলি পূজা, মহাসংঘদান, অষ্ট পরিষ্কার দানের আয়োজন করা হয়।উদ্যোক্তাদের মধ্যে ওথোয়েনছি রাখাইন জানান, ২০ বছর পর জাদিপাহাড়ে পূজার আয়োজনকে ঘিরে রামুর বৌদ্ধপল্লিগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীর চাঁদায় প্রায় অর্ধলক্ষ টাকা ব্যয়ে এ অনুষ্ঠান হয়। তিন গ্রামের অর্ধশতাধিক যুবক প্রায় ১৫ দিন স্বেচ্ছাশ্রম দিয়ে পরিত্যক্ত পাহাড়টি অনুষ্ঠানের উপযোগী করে তোলেন।স্থানীয় বাসিন্দা নিবারণ বড়ুয়া, দর্পণ বড়ুয়া ও নীলোৎপল বড়ুয়া জানান, প্রায় ৩০ বছর আগেও পাহাড়টিতে বছরজুড়েই নানান ধর্মীয় অনুষ্ঠান লেগে থাকত। আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালের মাঝামাঝি সময়ে স্থানীয় রাখাইন সম্প্রদায় জাদিটি সংস্কারের উদ্যোগ নেয়। কিন্তু সংস্কারের পরও সেখানে উল্লেখযোগ্য কোনো অনুষ্ঠান হয়নি। তাই ২০ বছর পর জাদিপূজাকে ঘিরে এখানে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় বৌদ্ধ ভিক্ষু উচেকাছারা মহাথের জানান, ধারণা করা হয়, প্রায় আড়াই শ বছর আগে জাদিটি নির্মাণ করা হয়। পুণ্যার্থী বিপন বড়ুয়া জানান, জাদিটির নির্মাণশৈলী মানুষকে অভিভূত করে। কিন্তু বর্তমানে পাহাড়ের উভয় অংশ ধসে পড়ায় জাদিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ধর্মীয় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চেরাংঘাটা (বড় ক্যাং) বৌদ্ধবিহারের অধ্যক্ষ পাঞাদীপা মহাথের। ধর্মদেশনা করেন উচেকাছারা মহাথের, আগ্গাধাম্মা মহাথের, সারমিত্র মহাথের, উকোবিদা থের, করুণাশ্রীথের, শীলপ্রিয় থের ও পাঞাচারা থের।