২০ বছর পর বের করা হলো ফুসফুসে আটকে থাকা সুচ
ছোটবেলায় মুখের মধ্যে স্যালাইনের সুচ (নিডল) নিয়ে খেলার সময় সেটি ঢুকে পড়েছিল গলার নিচে। তখন তাঁর বয়স ছিল চার বছর। সুচ ঢুকে গেলেও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। এভাবে কেটে গেছে দীর্ঘ ২০ বছর। বিষয়টি ভুলেই গিয়েছিলেন মো. ইব্রাহিম (২৪)। সম্প্রতি এক্স-রে প্রতিবেদনে ওই সুচের অস্তিত্ব ধরা পড়ার পর গতকাল বুধবার সেটি ইব্রাহিমের বুকের ভেতর থেকে বের করে এনেছেন চিকিৎসকেরা। ইব্রাহিম পেশায় গাড়িচালক। তাঁর বাড়ি নওগাঁ। চট্টগ্রামে তিনি গাড়ি চালাচ্ছেন ছয় বছর ধরে।চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ মো. শাহদাত হোসেন রক্তপাতহীন বিশেষ ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে (ব্রঙ্কোস্কপি) প্রায় দুই ইঞ্চি লম্বা সুচটি অপসারণ করেন। এতে তাঁর সময় লেগেছে মাত্র ১০ মিনিট। সুচটি বের করার পর স্বাভাবিকভাবেই ইব্রাহিম হাঁটাচলা করতে পারছেন।ইব্রাহিম জানান, ছোটবেলায় সুচ ঢুকে যাওয়ার বিষয়টি তিনি ভুলেই গিয়েছিলেন। মাঝেমধ্যে বুকে ব্যথা অনুভব করলেও তিনি তেমন একটা গুরুত্ব দেননি। সম্প্রতি বুকে ব্যথাসহ কাশির সঙ্গে রক্ত পড়ছিল। এর পরই তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। ইব্রাহিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘সুচটি ঢুকেছিল ছোটবেলায়। আমার মনেও নেই। তেমন কোনো অসুবিধাও হয়নি। কিন্তু ২ সেপ্টেম্বর কাশির সঙ্গে রক্ত বের হওয়ায় ডা. জামান আহমেদের কাছে যাই। তিনি ওষুধপত্র দেওয়ার পাশাপাশি এক্স-রে করতে দেন। এক্স-রে রিপোর্ট দেখে তিনি আমাকে ডা. শাহাদাতের কাছে পাঠান।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার জামান আহমেদ বলেন, এক্স-রে প্রতিবেদন দেখে তিনি বুঝতে পারেন, সুচটি ইব্রাহিমের বাঁ ফুসফুসের ওপরের অংশে গেঁথে ছিল। পরে তিনি ইব্রাহিমকে ডা. শাহাদাতের কাছে পাঠান। ডা. শাহাদাত জানান, অস্ত্রোপচারটি করতে গিয়ে তিনি কিছুটা ঝুঁকির মুখে পড়েছিলেন। তিনি বলেন, ‘শ্বাসনালি দিয়ে বের করার সময় গলার কাছে এসে আংটা থেকে সুচটি ছুটে যায়। পরে আবার সেটি আংটা দিয়ে ধরে বের করে আনি।’ এ ধরনের ব্রঙ্কোস্কপি এখন চট্টগ্রামেই সম্ভব বলে ডা. শাহাদাত জানান। তিনি বলেন, সুচটি বের করা না হলে ইব্রাহিম বড় ধরনের সমস্যার মুখে পড়তেন।