২০ বছর পর মিলল অতিরিক্ত জেলা জজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ শূন্য থাকার ২০ বছর পর মেহেরপুরে অতিরিক্ত জেলা জজ, আট মাস পর মুখ্য বিচারিক হাকিম ও সাড়ে চার মাস পর জেলা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নবনিযুক্ত জেলা ও দায়রা জজ রবিউল হাসান ১১ সেপ্টেম্বর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা ও মুখ্য বিচারিক হাকিম গোলক চন্দ্র বিশ্বাস ১৪ সেপ্টেম্বর কাজে যোগ দিয়েছেন।
তিন বিচারককে গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, ১৯৮৪ সালে প্রথম অতিরিক্ত জেলা জজ পদে বিচারক নিয়োগ হয়। কিন্তু সেই নিয়োগ আদেশ বাতিল হওয়ায় ২০ বছর পর ওই পদের বিচারক পাওয়া গেল। বিচারকশূন্যতার কারণে অসংখ্য আসামি বিনা বিচারে কারাবন্দী। ২০-২৫ বছরের মামলা এখনো ঝুলে আছে। এতে বিচারপ্রার্থীরা দিনের পর দিন হয়রানি আর ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছেন। এখন বিচারকশূন্যতা নেই। মানুষ স্বল্প সময়ে বিচার পেলে হয়রানিমুক্ত হবেন।
অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ রবিউল হাসান বলেন, ২০-২৫ বছরের পুরোনো সব মামলা দ্রুত নিস্পত্তি করা হবে। এ ক্ষেত্রে বার ও বেঞ্চের মধ্যে যেন চুল পরিমাণ ছেদ না পড়ে, সেদিকে সবাইকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্য আদালতের বিচারক, আইনজীবী সমিতির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।