২০ বছর পর ‘কাগুজে বাবা’ পেলেন জালাল
২০ বছর পর বাবার নামটা ব্যবহারের অনুমতি পেলেন জালালউদ্দিন। এ জন্য ডিএনএ পরীক্ষাসহ চার বছর আইনি লড়াই চালাতে হয়েছে তাঁকে। তবে শুধু ওই নামটুকুই যা। জন্মদাতার পিতৃসুলভ আচরণের ছিটেফোঁটাও জোটেনি তাঁর। ওই নামটুকুর জন্য তাঁকে শৈশব থেকে মানসিক যন্ত্রণা, বঞ্চনা, লজ্জা আর অপমানের দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে।জালালের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামে। এখন তিনি তানোর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। চার বছর তিন মাস আগে কথা হয়েছিল তাঁর সঙ্গে। জালাল তখন প্রথম আলোকে শুনিয়েছিলেন তাঁর জীবনের করুণ কাহিনি।বিয়ের প্রলোভন দেখিয়েও তাঁর (জালাল) মাকে বিয়ে করেননি ময়েনপুর গ্রামের কামরুজ্জামান ওরফে কামাল। অবস্থাসম্পন্ন বাবা প্রভাব খাটিয়ে গ্রাম্য সালিসে জালালের মাকে বিয়ে করার রায়ও মেনে নেননি কামরুজ্জামান। একপর্যায়ে জন্ম হয় জালালের। কিন্তু কামরুজ্জামান সেই ছেলেকে নিজের ঔরসজাত সন্তান হিসেবে স্বীকৃতি দিতে অপারগতা প্রকাশ করেন। এমনকি বাবা হিসেবে তাঁর (কামরুজ্জামান) নাম লিখতে নিষেধ করেন জালালকে। সামাজিক লাঞ্ছনা-গঞ্জনা তো ছিলই; বড় সমস্যা দেখা দিল জালালের এসএসসি পরীক্ষার নিবন্ধন ফরম পূরণের সময়। বাবার নাম ছাড়া ফরম পূরণ মুশকিল হয়ে দাঁড়াল। ক্ষোভে-দুঃখে জালাল লেখাপড়া বন্ধ করে দেন। মা বাড়ি বাড়ি কাজ করতেন। জালাল অন্যের জমিতে মজুরি খেটে, গৃহশিক্ষকের কাজ করে নিজের পড়াশোনা চালাতেন। এত কষ্টের পরও জালাল ছিলেন ক্লাসের মেধাবী ছাত্র। এমন ছেলে পরীক্ষা দিতে পারবে না ভেবে বিদ্যালয়ের শিক্ষকেরা রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। এর পরিপ্রেক্ষিতে নিবন্ধন ফরমে শুধু মায়ের নাম উল্লেখ করেই জালালকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়। বেশ কিছুদিন বিরতির পর জালাল আবার লেখাপড়া শুরু করেন এবং এসএসসিতে জিপিএ-৩.৫৮ পান। বাবার নাম নিয়ে মানসিক বিপর্যয়ে থাকায় জালাল কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি বলে তাঁর স্কুলের শিক্ষকেরা মনে করেন। এরপর আবারও বিপত্তি দেখা দেয় কলেজে ভর্তি হওয়া নিয়ে। দিশেহারা হয়ে পড়েন জালাল। এ নিয়ে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় ‘জালাল শুধু বাবার নামটা চায়’ এবং ২৮ মার্চ নারীমঞ্চে ‘ছেলে জানতে চায় তার বাবা কে’? শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।জালালের বাবার স্বীকৃতি আদায়ে সহায়তা দিতে এগিয়ে আসে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। জালালকে বাদী করে বাবা কামরুজ্জামানের বিরুদ্ধে তানোর সহকারী জজ আদালতে মামলা করা হয়। মামলার একপর্যায়ে সন্তানের পরিচয় নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। ডিএনএ পরীক্ষার ফলাফল জালালের পক্ষে আসে। পরে কামরুজ্জামান আপস-নিষ্পত্তির কথা বলেন এবং আদালতে সোলেনামা (আপস-মীমাংসা) দাখিলের মাধ্যমে জালালকে নিজের ঔরসজাত সন্তান হিসেবে মেনে নেন। জালালের আইনজীবী আমজাদ হোসেন জানান, গত ১৮ এপ্রিল আদালতে এ সোলেনামা দাখিলের কয়েক দিন পর আদালত বাদীর পক্ষে ডিক্রি জারি করেন।গত শনিবার কথা হয় জালালের সঙ্গে। তিনি বলেন, ‘কামরুজ্জামান সোলেনামায় স্বাক্ষর করলেও আমার বা আমার মায়ের সঙ্গে এ পর্যন্ত কোনো কথা বলেননি। এখন গ্রামের অনেককে বলে বেড়াচ্ছেন, বাধ্য হয়ে মেনে নিয়েছি। কিন্তু মন থেকে কোনো দিন মানব না।’ গত শনিবার সরেজমিনে কামরুজ্জামানকে বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কথা হয় গ্রামের কয়েকজন বাসিন্দার সঙ্গে। তাঁরা বলেন, গ্রামের প্রায় সবাই চান, জালাল যেন তাঁর উপযুক্ত মর্যাদা পান। সবকিছু ফিরে পায়। সে গ্রামের ভালো ছেলে।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাজশাহী জেলা শাখার কোষাধ্যক্ষ ও আইনজীবী আমজাদ হোসেন প্রথম আলোকে জানান, আদালত রায় দেওয়ার আগেই সোলেনামার মাধ্যমে জালালকে বৈধ সন্তান হিসেবে ঘোষণা দিয়েছেন কামরুজ্জামান এবং এখন থেকে জালাল বাবা হিসেবে কামরুজ্জামানের নাম সর্বত্র ব্যবহার করতে পারবেন। এ ছাড়া কামরুজ্জামান তাঁর অন্যান্য সন্তানের মতোই জালালকে মর্যাদা দেবেন।