২০ বছর বন্ধ বিদ্যালয় সরকারীকরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে প্রতিষ্ঠার পর পাঠদানের অনুমতি মেলেনি। তিন বছরের মাথায় বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি। ২০ বছর পর সম্প্রতি বেসরকারি সেই প্রাথমিক বিদ্যালয়ের নামে টিনের দোচালা একটি ঘর তোলা হয়েছে। উদ্দেশ্য, বিদ্যালয়টি সরকারীকরণ করা। ঘটনাটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ মৌজার খন্দকারপাড়ার।এ বিষয়ে গত ১৭ জুন এলাকাবাসী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর সঠিকভাবে পরিচালনা না করায় পাঠদানের অনুমতি পায়নি বিদ্যালয়টি। এ অবস্থায় ১৯৯৩ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। দাতারা বিদ্যালয়ের নামে দেওয়া জমি বিক্রি করে দিয়েছেন, কেউ বিদ্যালয়ের জমিতে ঘরবাড়ি করেছেন।খেদাবাগ গ্রামের রেজাউল কবির খন্দকার বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তাঁদের পরিবারের দেওয়া জমিতে ২০১০ সালে তিনি বাড়ি করেছেন। একইভাবে বিদ্যালয়ের জমিতে বাড়ি করেছেন রেজাউল হক খন্দকার।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আগে বিদ্যালয়টি যে জায়গায় করা হয়েছিল, সেখানে থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে সর্দারপাড়ায় একটি হলুদ খেতে এক মাস আগে বিদ্যালয়ের নামে টিনের দোচালা একটি ঘর তোলা হয়েছে। তবে কোনো নামফলক বা সাইনবোর্ড টাঙানো হয়নি। ঘরে নেই কোনো চেয়ার-টেবিল।বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলম খন্দকার বলেন, ১৯৯১ সালে খন্দকারপাড়ায় বিদ্যালয়টি স্থাপন করা হলেও তখন পাঠদানের অনুমতি পাওয়া যায়নি। এ অবস্থায় ২০ বছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের ঘোষণা দিলে এলাকার বৃহত্তর স্বার্থে বিদ্যালয়টি সরকারীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ইনছাফুল আলম বলেন, পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ২০১২ সালে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করে তিনি নিয়োগ পেয়েছেন। আগের সমস্যা ও সংকট সম্পর্কে জানতেন না তিনি। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, চলতি বছর বিদ্যালয়ের আটজন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে।লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।