গত ২০ বছরে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার ৬৭ শতাংশ কমেছে। টিকাদান কর্মসূচির ব্যাপকতা, খাওয়ার স্যালাইন ব্যবহারের প্রসার এবং দেশব্যাপী ভিটামিন-এ বিতরণ এই মৃত্যুহার কমাতে ভূমিকা রেখেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। ‘কমিটিং টু চাইল্ড সারভাইবাল: এ প্রমিজ রিনিউড’ নামের প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশ করা হয়েছে।এই বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শ্বাসতন্ত্রের জটিলতা, ডায়রিয়া ও হামের কারণে শিশু মৃত্যুহার কমে গেছে। এটা সম্ভব হয়েছে কমিউনিটি স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি স্বভাব পরিবর্তনকারী যোগাযোগ কর্মসূচি জোরদার করার কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০-২০১১ সময়কালে পৃথিবীর নয়টি নিম্ন আয়ের দেশ শিশু মৃত্যুহার ৬০ শতাংশ বা তার বেশি কমাতে সক্ষম হয়েছে। দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, কম্বোডিয়া, ইথিওপিয়া, লাইবেরিয়া, মাদাগাস্কার, মালাবি, নেপাল, নাইজার ও রুয়ান্ডা।