২০ বছরে পরিস্থিতি বদলে ঝুঁকিপূর্ণ হয়েছে সেতুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর সড়কে চেংগাগাড়ী খালের ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এলাকার কমপক্ষে দেড় হাজার কৃষক পরিবার।
স্থানীয় অন্তত ১০ জন কৃষক বলেন, সেতুর ওপর দিয়ে উপজেলার ঝাঁজর, বিলনথার, নলডিংগীসহ ধুনট উপজেলার চার গ্রামের কৃষকেরা শেরপুর সদরে কৃষিপণ্য আনা-নেওয়া করেন। এ ছাড়া শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ চলাচলের স্বার্থে শেরপুর সদর ও বগুড়ায় যাওয়ার জন্য শেরপুর ও ধুনট উপজেলার মানুষজন বেশির ভাগ ক্ষেত্রে এ সেতু বেছে নেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, সেতুটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। ১৯ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, সেতুটির পশ্চিম পাশের পিলারটির (খুঁটি) ইট-সিমেন্টের ঢালাই খসে গেছে। সেতুর ওপর রেলিংয়ের কিছু অংশ ভেঙেও গেছে।
খামারকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, সেতুটি শেরপুরের উলিপুর-ঝাঁজর সড়কে অবস্থিত। মানুষজনের যাতায়াত বেড়ে এটি এখন ‘উপজেলা সড়কে’ পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সেতুটি ৮-১০ বছর ধরে দুর্বল হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে কমপক্ষে দেড় হাজার কৃষক পরিবার। তিনি একাধিকবার সমস্যাটি উপজেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছেন। কিন্তু সমস্যা সমাধানে এখনো কোনো অগ্রগতি হয়নি।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, সমস্যাটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।