২০ বছরে মৃত্যু সাড়ে পাঁচ হাজার, নিখোঁজ ১৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালে যমুনা নদীতে দুর্ঘটনার শিকার হয় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল রায়পুরা’। এতে শতাধিক যাত্রী নিহত হন। নিখোঁজ থাকেন আরও শতাধিক যাত্রী। ওই ঘটনার পর একটি তদন্ত কমিটি হয়। তারা সরকারকে একটি প্রতিবেদনও দেয়। দুর্ঘটনা রোধে একগুচ্ছ সুপারিশ করা হয় প্রতিবেদনে। তারপর আর কিছু হয়নি।
স্বাধীনতার পর থেকেই লঞ্চ দুর্ঘটনা নিয়ে বারবার এই একই চিত্র দেখা গেছে। যখন বড় কোনো দুর্ঘটনা হয়, তখন সরকারের মধ্যে নড়াচড়া শুরু হলেও তা একসময় থেমে যায়। কেউই শাস্তি পায় না। এরপর আবার দুর্ঘটনা বাড়ে, মৃত্যুর মিছিলও বাড়ে।
দেশে প্রতিবছরই লঞ্চ দুর্ঘটনা ঘটলেও সরকারি ও বেসরকারি পর্যায়ে তথ্য পাওয়া যায় গত দুই দশকের—১৯৯৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এই ২০ বছরে ৬৫৮টি লঞ্চ দুর্ঘটনায় মারা গেছেন প্রায় সাড়ে পাঁচ হাজার লোক। আর দুর্ঘটনার পর নিখোঁজ আছেন আরও প্রায় দেড় হাজার জন। তাঁদের লাশ আর কখনো পাওয়া যাবে না। এসব লঞ্চ দুর্ঘটনার কারণে নিশ্চিহ্ন হয়েছে ৩৯৩টি পরিবার। আর একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে উদ্বাস্তু হয়েছে আরও ৬৫৬টি পরিবার।
বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর) এই হিসাব দিয়েছে। আর সরকারের সমুদ্র পরিবহন অধিদপ্তর (ডস) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তথ্য অনুযায়ী এই সময়ে ৩৮৯টি দুর্ঘটনায় নিহত প্রায় দুই হাজার ৯০০ জন। নিখোঁজ রয়েছেন প্রায় ৬০০ জন।
সরকারের তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে লঞ্চ দুর্ঘটনার পর উচ্চপর্যায়ের পাঁচ শতাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সব ঘটনার পর তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। কিছু জমা পড়লেও তা প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত মাত্র তিনটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এসব কমিটির মতে, লঞ্চ দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী নৌযানের ত্রুটিপূর্ণ নকশা প্রণয়ন, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রী ও পণ্য–বোঝাই এবং আবহাওয়ার পূর্বাভাস না মানা। আবার বেশির ভাগ নৌযানে প্রাণরক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও থাকে না। বিভিন্ন তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনা প্রতিরোধে করা এসব সুপারিশ বাস্তবায়ন হয়েছে সামান্যই। দেখা গেছে, মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ঘোষণা দিলেও তা আর কার্যকর হয়নি।
গতকাল সোমবার পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চেও ধারণক্ষমতার প্রায় চার গুণ অতিরিক্ত যাত্রী ছিলেন। লঞ্চটির ধারণক্ষমতা ৮৫ হলেও তাতে যাত্রী তোলা হয় প্রায় ৩০০।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক মীর তারিক আলী গতকাল প্রথম আলোকে বলেন, স্বাধীনতার পর লঞ্চ দুর্ঘটনা নিয়ে পাঁচ শতাধিক তদন্ত হয়েছে। কিন্তু এসব তদন্ত কমিটিতে বিশেষজ্ঞদের রাখা হয়নি। ফলে প্রতিবেদনগুলো মূল সমস্যার জায়গায় যেতে পারছে না। তিনি বলেন, লঞ্চমালিকেরা রোটেশন পদ্ধতি চালুর নামে লঞ্চে যাত্রীদের অতিরিক্ত যাত্রী হতে বাধ্য করছেন। এর অবসান হওয়া উচিত। দ্বিতীয়ত, লঞ্চের নকশায় পরিবর্তন আনা দরকার। দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে একই ধরনের নকশায় লঞ্চ তৈরি হচ্ছে। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যেমন—আবহাওয়া, নদীর গতি-প্রকৃতি পরিবর্তন হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ৬৪টি ছোট-বড় লঞ্চ দুর্ঘটনায় সবচেয়ে বেশি, এক হাজার ২০৫ জন মারা যান; আর নিখোঁজ ছিলেন ৫৬ জন। পরের বছরেই মারা যান আরও ৪৮৭ জন। আবার ২০০৮ সালে লঞ্চ দুর্ঘটনায় মারা যান ৩০১ জন এবং ২০০৯ সালে ৩০৯ জন।
সর্বশেষ বড় লঞ্চ দুর্ঘটনাটি ঘটে ২০১২ সালে। মেঘনায় নিমজ্জিত হয় ‘এমভি শরীয়তপুর-১’। এতে ১৪৭ জন যাত্রী প্রাণ হারান। সে সময়ও যথারীতি তদন্ত কমিটি গঠিত হয়। ভবিষ্যতে লঞ্চ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত কমিটিও একাধিক সুপারিশ করে। কিন্তু সেই সুপারিশের বাস্তবায়ন আর হয়নি। তদন্ত কমিটির দেওয়া সুপারিশে লঞ্চের নকশা অনুমোদন নেওয়া, প্রতিটি বন্দরে পরিদর্শক রাখা, চালকদের দক্ষতা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়। তা ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধে লঞ্চ ছাড়ার প্রতিটি স্থানে পরিদর্শক রাখার ওপর জোর দেওয়া হয়। কিন্তু কোনোটিরই বাস্তবায়ন হয়নি।
দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চমালিক কিংবা মাস্টারদের বিরুদ্ধে মামলা হয় নৌ-আদালতে। বিদ্যমান অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ (আইএসও-১৯৭৬) অনুযায়ী রাষ্ট্রপক্ষ দোষী ব্যক্তিদের পক্ষে শক্ত ব্যবস্থা নিতে পারে না। মামলাগুলো দীর্ঘদিন চলার পর নিষ্পত্তি হলেও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এমন নজির নেই। তা ছাড়া দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি নৌ-আদালতে মামলা করতে পারেন না। তাঁকে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে মামলা করতে হয়। ফলে দায়ী কেউই শেষ পর্যন্ত শাস্তি পান না।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, বিদ্যমান আইনে লঞ্চমালিক ও চালকদের শাস্তির যে বিধান আছে, তা কার্যকর করা খুবই কঠিন। আইনের ফাঁকফোকরও অনেক বেশি। এ জন্য আইনের পরিবর্তন হওয়াটাও জরুরি।