১৯৭৫ সালের ১৫ আগস্ট কামানের গোলার আঘাতে নিহত হন মোহাম্মদপুরের শের শাহ শূরী সড়কের একটি বাড়ির ১৩ সদস্য। এ ঘটনায় ২০ বছর আগে করা মামলা সাক্ষী হাজির করার আদেশেই সীমাবদ্ধ আছে। মামলাটি বর্তমানে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৪-এ বিচারাধীন।
ওই একই দিনে একদল বিপথগামী সেনাসদস্যের হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এ ঘটনায় করা মামলার ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। তবে সব সাজা পাওয়া ব্যক্তির সাজা কার্যকর করা সম্ভব হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, মোহাম্মদপুরে গোলা হামলার ঘটনায় করা মামলাটি সাক্ষী হাজির করতে পুলিশের ব্যর্থতা ও অবহেলার কারণে ঝুলে আছে। তবে পুলিশের প্রসিকিউশন বিভাগ রাষ্ট্রপক্ষের এ বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছে। ২০০৬ সালের ১ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর থেকে সাক্ষী হাজির করার আদেশেই সীমাবদ্ধ আছে মামলাটি। আগামী ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে।
ঘটনার ৪১ বছরেও মামলাটি কেন নিষ্পত্তি করা যায়নি জানতে চাইলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, মামলাটিতে সাক্ষী হাজির করার ক্ষেত্রে তাঁরা উদ্যোগ নেবেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি মো. বশির আহমেদ বলেন, মামলায় সাক্ষী হাজির না করার ক্ষেত্রে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শককে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। ২০১২ সালের ২১ জুন তৎকালীন বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এই আদেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে কোনো বক্তব্য বা প্রতিবেদন আজ পর্যন্ত আসেনি। তিনি বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। তাই চাইলেও শেষ করা যাচ্ছে না।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশকে ঢালাওভাবে দোষারোপ করা হয়ে থাকে। যখনই স্মারকমূলে আদালত থেকে কোনো আদেশের কপি পাঠানো হয়, পুলিশ তার ব্যাখ্যা দিতে বাধ্য। বছরের পর বছর আদালতের আদেশ হলো, পুলিশ তা পেল না। তা হলে পুলিশ কী করবে।
মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, ৪১ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কামানের গোলার আঘাতে একই বাড়ির ১৩ জন প্রাণ হারান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ঘটনার ২১ বছর পর মোহাম্মদপুর থানায় কামানের গোলায় আহত মোহাম্মদ আলী এ মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে মোহাম্মদপুরের শের শাহ শূরী সড়কের ৯ নম্বর বাড়ি ও শাহজাহান রোডের ১৯৬ ও ১৯৭ নম্বর বাড়ির মাঝামাঝি জায়গায় তিনটি কামানের গোলা বিস্ফোরিত হয়। ওই গোলায় শের শাহ শূরী রোডের ৮, ৬ ও ২০ নম্বর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৩ জন নিহত ও ১৭ জন আহত হন। বাদী মোহাম্মদ আলী থাকতেন শের শাহ শূরী রোডের ৮ নম্বর বাড়িতে। বাঁশের বেড়া ভেদ করে স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছিলেন তিনিসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য।
মামলা: ২০০১ সালের এপ্রিল মাসে ১৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রভুক্ত ১৮ আসামির মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে ২০১০ সালে। তাঁরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) সুলতান শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ, মেজর (অবসরপ্রাপ্ত) বজলুল হুদা ও মেজর (অব্যাহতিপ্রাপ্ত) এ কে এম মহিউদ্দিন আহমেদ। এই পাঁচজনসহ সাবেক তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।