২০ বছরেও পাওয়া হয়নি ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে গ্যাসসহ যাবতীয় ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি মৌলভীবাজার জেলা শাখা। গতকাল বুধবার দুপুরে মাগুরছড়া দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য দেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি মৌলভীবাজার জেলা শাখার সদস্যসচিব মইনুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ২০ বছর পূর্ণ হয়েছে। কিন্তু এত বছরেও অক্সিডেন্টাল থেকে শেভরন, কোনো কোম্পানির কাছ থেকেই গ্যাস, পরিবেশ, সড়কপথ, রেলপথসহ বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ আদায় করতে পারেনি সরকার। শেভরন দেশ থেকে চলে যাওয়ার সময় এসেছে। শেভরন চলে গেলে এই ক্ষতিপূরণ পাওয়া আরও দুরূহ হয়ে উঠবে।

১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় গ্যাস অনুসন্ধানকারী অক্সিডেন্টাল খননের সময় গ্যাসকূপে বিস্ফোরণ ঘটে। এ সময় অগ্নিকাণ্ডে ঢাকা-সিলেট রেললাইন ও শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের মাগুরছড়া অংশ, মাগুরছড়া আদিবাসী খাসিয়া পানপুঞ্জি, ফুলবাড়ি চা-বাগান, বিদ্যুৎ লাইন এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় অক্সিডেন্টালের কাছে বিভিন্ন দল ও সংস্থার পক্ষ থেকে ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়। বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিবেশ পুনর্বাসনের জন্য ৬০০ কোটি টাকা দাবি করে। কিন্তু এ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।