২০ বছরেও সেতু সংস্কার হয়নি

২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে সেতুটির এক প্রান্ত প্রায় চার ফুট দেবে যায়। ওপরের পাটাতনের বেশির ভাগ আরসিসি স্ল্যাবই নেই। যেগুলো আছে, সেগুলোও ভাঙা। লোহার খুঁটি ও রেলিং জং ধরে বাঁকা হয়ে গেছে। এ খুঁটির ওপরই কোনোরকমে দাঁড়িয়ে আছে সেতুটি।
এটি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী খালের ওপর শৌলা-বগীবাজার সেতুর বর্তমান অবস্থা। ২০ বছরেও সংস্কার না করায় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাউফল কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২-১৯৯৩ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয় কয়েকজন জানান, সেতুর পশ্চিম পাশে দক্ষিণ কপূর্রকাঠি গ্রাম, বগী বাজার, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও পূর্ব পাশে দক্ষিণ শৌলা গ্রাম, হাজী বাড়ির হাট ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ও সেতুটির অবস্থা নড়বড়ে হওয়ায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে এর ওপর দিয়েই চলাচল করছে।
দক্ষিণ শৌলা গ্রামের কলেজশিক্ষক মজিবর রহমান বলেন, কলেজে যাওয়া-আসার সময় এ সেতু পার হতে হয়। সেতুটির অবস্থা নাজুক হওয়ায় তাঁকে ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বগী বাজারের ওষুধ ব্যবসায়ী ও পল্লিচিকিৎসক দুলাল জানান, সেতুটি পার হওয়ার সময় প্রায়ই মানুষজন আহত হন। কয়েক দিন আগে শেফালী বেগম চিকিৎসা নিতে এসে আহত হয়েছেন।
কালাইয়া ইউয়িন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ বলেন, সেতুটি সংস্কারের জন্য কয়েক দফায় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী শাহজাহান ফরাজি বলেন, শিগগিরই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।