২০ বছরেও সড়ক সংস্কার হয়নি
ভোট আসে, সড়ক নির্মাণের প্রতিশ্রুতি মেলে। ভোট যায়, জনপ্রতিনিধিদের দেখা মেলে না। এভাবে কেটে গেছে ২০ বছর। একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুজল জমে যায়। বছরজুড়েই কাদা জমে থাকে। বাধ্য হয়ে গ্রামের মানুষ চাঁদা তুলে ওই সড়কের ওপর প্রায় ৬০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো বানিয়েছেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা মধ্যমপাড়ার ‘মনিরডহর’ নামে পরিচিত সড়কের চিত্র এটি।
ধারাবারিষা মধ্যমপাড়ার বাসিন্দা আবদুস সাত্তার জানান, ২০ বছর আগে রাস্তাটিতে মাটি ফেলা হয়। এর পর থেকে আর সংস্কার করা হয়নি। অথচ নির্বাচন এলেই রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিয়ে ভোট নেন প্রার্থীরা। নির্বাচিত হলে তাঁদের আর দেখা যায় না। রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না।
এ ব্যাপারে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘ওই সড়কে উন্নয়নকাজ করতে গেলেই কিছু লোককে চাঁদা দিতে হয়। এ কারণেই সেখানে কোনো উন্নয়নকাজ হচ্ছে না।’
এলাকার অনেকে জানান, ধারাবারিষা মধ্যমপাড়া গ্রামের আবদুল মতিন (৬০) নামের একজন কৃষক বাঁশের বড় ওই সাঁকো নির্মাণের মূল উদ্যোক্তা। ৬০০ ফুট দীর্ঘ ও তিন ফুট প্রস্থ বাঁশের সাঁকোটি স্বেচ্ছাশ্রমে নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। গ্রামের পাঁচ শতাধিক মানুষ ওই টাকার জোগান দিয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার টাকা দিয়েছেন কৃষক মতিন। গেল জ্যৈষ্ঠ মাসে বাঁশের সাঁকোটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের উত্তর প্রান্তের বাহাদুর মৌলভীর বাড়ির কাছ থেকে বাঁশের সাঁকোটি শুরু হয়ে দক্ষিণে মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। কিছু জায়গায় কাদা আর কিছু জায়গায় পানি জমে রয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে বাড়ি ফিরছে।
আবদুল মতিন জানান, এই ভাঙা রাস্তার কারণে গ্রামের তিন শতাধিক ছাত্রছাত্রী ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারছিল না। অনেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ছোট সাঁকো থেকে পড়ে গিয়ে বই-খাতা ভিজিয়ে বাড়িতে ফিরে আসত। শিক্ষার্থী ও গ্রামবাসীর কষ্টের কথা বিবেচনা করেই তিনি বাঁশের সেতুটি (সাঁকো) নির্মাণের উদ্যোগ নেন।
মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও খাকড়াদহ দাখিল মাদ্রাসার সুপার ওসমান গণি জানান, এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না করায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।
অবসরপ্রাপ্ত সৈনিক মুনছুর রহমান জানালেন, সড়কটির কারণে পাশের বড়াইগ্রাম উপজেলার চামটা, দাঁড়িকুশি, নতুনপাড়া ও শ্রীরামপুর গ্রামের মানুষ গুরুদাসপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন না। তাঁরা প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরে গুরুদাসপুর উপজেলা সদরে যাতায়াত করেন। তা ছাড়া দক্ষিণ চলনবিলের বিস্তীর্ণ মাঠের ফসল তোলার ক্ষেত্রেও ধারাবারিষা গ্রামের কৃষকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।