২০ বস্তা চাল উদ্ধার ৪০ বস্তা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত শনিবার নবাবপুর ইউনিয়ন থেকে ভিজিএফের ২০ বস্তা চাল উদ্ধার ও ৪০ বস্তা চাল ইউপি কার্যালয়ের গুদামে সিলগালা করে রাখা হয়েছে। চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নবাবপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করেছেন। এরপর তিনি বিষয়টি থানার পুলিশকে জানালে চাল উদ্ধারে শনিবার ভোরে অভিযান চালায় পুলিশ। অভিযানে একই ইউনিয়নের চরদক্ষিণবাড়ী গ্রামের শাহীনের বাড়ি থেকে ১০ বস্তা, তসলেমের বাড়ি থেকে চার বস্তা এবং আলমের বাড়ি থেকে এক বস্তা চাল উদ্ধার করা হয়। এ ছাড়া সকালে রুস্তমের বাড়ির সামনে থেকে তিন ও মোহনের বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বস্তা চাল উদ্ধার করা হয়। গত রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের গুদামে বিতরণ না করা ৪০ বস্তা চাল সিলগালা করে রাখা হয়েছে। বালিয়াকান্দি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। নবাবপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুই হাজার ৫৫০ জনের জন্য ২৫ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। গত বৃহস্পতিবার চাল বিতরণের সময় ১৬৮ জন অনুপস্থিত ছিলেন। তাঁদের চাল ইউনিয়ন পরিষদের গুদামে রাখা হয়। তিনি বলেন, ‘আমি সবার মধ্যে চাল বিতরণ করেছি। আমার কোনো ইউপি সদস্য বা অন্য কেউ কোথাও ধরা পড়েনি। কে কোত্থেকে চাল উদ্ধার করেছে বা কে বিক্রি করেছে, তা আমার জানা নেই।’