২০ বার বিশ্ব পরিক্রমণ করতে পারতেন তিনি

নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে ঠাঁই হলো না বহুল আলোচিত-সমালোচিত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ গেজেটে প্রকাশ করে জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৮ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা বলছেন, নির্বাচনকালীন সময়ে জাতিসংঘসহ বহির্বিশ্বের চাপ সামলাতে দলের অভিজ্ঞ মন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পন করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্যমতে, ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরে তিনি বিদেশ সফর করেন ৩৪ বার। পরের দুই বছর সে সংখ্যা যথাক্রমে ৩৭ ও ৪৪-এ গিয়ে দাঁয়ায়। আর চলতি বছরের প্রথম ১০ মাসে তিনি বিদেশে গেছেন ৩৪ বার। দায়িত্বে নেওয়ার পর গত ৪৬ মাসে দীপু মনি ১৪৯ বার বিদেশে গেছেন। দেশের বাইরে থেকেছেন ৪৫২ দিন। তবে এরমধ্যে, এ সফরগুলোর মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন ৪০ বার। দ্বিপক্ষীয় সফরে গেছেন ১৫ বার। অবশিষ্ট ৯৫টি সফর হচ্ছে বহুপক্ষীয়, অর্থাত্ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের বৈঠকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। সরকারের দেওয়া তথ্যমতে, সর্বশেষ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেন দীপু মনি।
প্রথম আলোর লন্ডন প্রতিনিধি কামাল আহমেদ হিসেব দেখিয়েছেন, দীপু মনির এই সফরকালে যত মাইল পথ অতিক্রম করেছেন, তাতে তিনি প্রায় ২০ বার আমাদের এই পৃথিবীকে পরিক্রমণ করতে পারতেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী, একজন মন্ত্রীর বিদেশ সফরের সময় নির্দিষ্ট হারে হাতখরচ, দৈনিক ভাতা, ট্রানজিট ভাতা, টার্মিনাল ভাতা, আপ্যায়ন ভাতা, প্রতিনিধিদলের দলনেতা হিসেবে আনুষঙ্গিক ভাতা, বিমানবন্দর কর ও বিমানভাতা বরাদ্দ দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর ২০০৯ সালের বিদেশ সফরের খরচ-সংক্রান্ত কিছু কাগজ ঘেঁটে দেখা যায়, ১৩টি সফরের ১০টি পৃথক বরাদ্দপত্রে দীপু মনির জন্য মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬ লাখ ৭৮ হাজার ৮৫ টাকা। এর মধ্যে বিমানভাড়া বাবদ দেওয়া হয়েছে ৪৮ লাখ ৮৩ হাজার ৯৯০ টাকা।
দেশ-বিদেশের কূটনৈতিক সূত্রগুলো মনে করে, দীপু মনির সফরগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে সেমিনার কিংবা আলোচনা অনুষ্ঠানকেন্দ্রিক। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, দেশের স্বার্থ সুরক্ষা কিংবা কূটনৈতিক দর-কষাকষিতে এসব সফর ভূমিকা রেখেছে, এমনটা বলার সুযোগ নেই। তাই রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় পররাষ্ট্রমন্ত্রীর ঘন ঘন বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী তা মানেননি। তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি যে সফরগুলোতে গিয়েছি, তা দেশের প্রয়োজনেই। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাফল্য, তা আমার সফরের যৌক্তিকতা প্রমাণ করে।’
পররাষ্ট্রমন্ত্রী তাঁর ১৪৯ বারের বিদেশ সফরে এশিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশের ৬৩টি দেশে গেছেন। এর মধ্যে ১০ বার, অর্থাত্ সবচেয়ে বেশি সফর করেছেন যুক্তরাজ্য।