২০ বিজ্ঞাপনী সংস্থার প্রধানকে দুদকের জিজ্ঞাসাবাদ
অনুমোদিত আয়তনের চেয়ে বেশি আয়তনের বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি বোর্ড, নিয়ন সাইন ও ইউনিপোলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ অনুসন্ধানে ২০টি বিজ্ঞাপনী সংস্থার প্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান। দুদক সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য ২৫টি প্রতিষ্ঠানের প্রধানকে তলব করা হলেও ২০টি প্রতিষ্ঠানের ১৫ জন হাজির হন। কেউ কেউ পরে উপস্থিত হওয়ার জন্য সময় চেয়েছেন।
সূত্রটি জানায়, রাজধানীর দেড় শতাধিক বিজ্ঞাপনী সংস্থা বিলবোর্ড, সাইনবোর্ড, এলইডি বোর্ড, নিয়ন সাইন ও ইউনিপোলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে। মিথ্যা ঘোষণা দিয়ে বিজ্ঞাপন প্রচারের কারণে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। বিষয়টি অভিযোগ আকারে দুদকে এলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। অনুসন্ধান প্রক্রিয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত অর্ধশত বিলবোর্ড, সাইনবোর্ড, নিয়ন সাইন ও ইউনিপোল সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা খুঁজে পান সংস্থাটির কর্মকর্তারা।
অনুসন্ধান সূত্র জানিয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এসব বিজ্ঞাপনী সংস্থার কৌশল চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। যেমন, কোনো একটি সংস্থা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ৪ ফুট আয়তনের ইউনিপোলের অনুমোদন নিয়ে বাস্তবে পোলের উভয় পাশে ১২ ফুট আয়তনের বিজ্ঞাপন প্রচার করে। অথচ সিটি করপোরেশনকে তারা অর্থ পরিশোধ করে ৪ ফুটের। ডিসিসির এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অতিরিক্ত আয়তনের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে তাঁরা রাজস্ব ফাঁকি দেন। তবে দুদকের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শনের খবরে অনেক বিজ্ঞাপনী সংস্থা ইউনিপোলের একপাশের বিজ্ঞাপন দ্রুত সরিয়ে নেয়।
সরেজমিন পরিদর্শনে দুদক এ রকম অন্তত ৪৮টি বিজ্ঞাপনী সংস্থাকে চিহ্নিত করেছে যারা বিভিন্ন ধাতব কাঠামো স্থাপন করে অননুমোদিত আয়তনের বিজ্ঞাপন প্রচার করছে। এমন ২৫ সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। এর কারও কারও একাধিক প্রতিষ্ঠানও রয়েছে।
এদের মধ্যে যে ১৫ জন প্রতিষ্ঠান প্রধান দুদকের তলবে হাজির হন তাঁরা হলেন-বাসরি অ্যাডের মো. আশরাফুল আলম, সুরাইয়া এন্টারপ্রাইজের সুরাইয়া ইসলাম, গোধূলী মার্কেটিং কমিউনিকেশনের গোলাম কাওছার চৌধুরী, ত্রয়ী মিডিয়া ও টোকিও অ্যাডের মো. মোশারফ হোসেন, এক্সেস ট্রেডিং কোম্পানি ও গুলশান স্টার অ্যাডভারটাইজিংয়ের মো. বারেকুল ইসলাম, অরবিট এন্টারপ্রাইজ ও রাজিয়া টেলিকমের মালিক সোহেল অমিতাভ, প্রিন্স অ্যাডভারটাইজিং, আর সি কমিউনিকেশন এবং চেরী আর্ট পাবলিসিটির গোলাম সারোয়ার কাইউম, এক্সক্লুসিভ মিডিয়ার এমএমএ কবির, ব্ল্যাক ডটের নাহিদ হাসান, পোলাইট অ্যাডভারটাইজিংয়ের সৈয়দ সালেক আহম্মেদ খোকন, ক্যান-বেঙ্গল ট্রেডার্সের এসএম আদনান আউয়াল, ঢাকা মিডিয়ার মোহাম্মদ উল্লাহ, অ্যাড ফেয়ার ডিজাইন অ্যান্ড সাপ্লাইর মোল্লা হাছানুজ্জামান টিপু, ওয়েভার অ্যাড অ্যান্ড কমিউনিকেশনের মো. রেজাউল করিম, অন্য সময়ের মার্কেটিং ম্যানেজার মো. খান জাহান আলী।
দৈনিক গণকণ্ঠের মোহাম্মদ নিজামউদ্দিন জিটু, স্কাই সাইনের মো. সামসুজ্জামান, গ্রীণ বাংলার এমএ আহাদ, স্নো-হোয়াইটের মো. শহীদুল ইসলাম এবং বাংলাদেশ পাবলিসিটির মো. মিজানুর রহমান আজ হাজির হননি বলে দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।