২০ বিদ্যালয়ে নলকূপ নেই আট হাজার শিক্ষার্থীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে নলকূপ নেই। এতে বিদ্যালয়গুলোর আট হাজার ৩৫২ শিক্ষার্থী পানীয় জলের সংকটে ভুগছে। তৃষ্ণা পেলে শিক্ষার্থীদের পানির জন্য ক্লাস ফেলে আশপাশের দোকানপাট ও বাড়িতে যেতে হয়।কবে নাগাদ এসব বিদ্যালয়ে পানির সংকট লাঘব হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি সংশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ন ম আবদুলাহ জানান, সরকার শিক্ষার্থীদের স্কুলমুখী করতে দুপুরে বিস্কুট দেওয়া শুরু করেছে। কিন্তু খাবার পানির সংকটের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, টেকনাফে ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি, ২৬টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আটটিতে নলকূপ নেই। আবার কিছু বিদ্যালয়ের নলকূপ অকেজো অবস্থায় পড়ে থাকায় যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। সেগুলো আর কাজে আসছে না। উপজেলার বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফরিদা ইয়াসমিন বলে, ‘স্কুলে টিউবওয়েল (নলকূপ) নেই। দূর থেকে কলসি ও বোতল ভরে পানি আনতে হয়।’টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রমজান আলী ও ছাত্রী সুমাইয়া পারভিন বলে, ‘নলকূপ আছে, পানি নেই। আমাদের দুর্ভোগেরও শেষ নেই। নলকূপটি প্রায় সময় নষ্ট থাকে। চাপাচাপিতে হাতে ফোসকা পড়ে যায়। তৃষ্ণা পেলে আইসক্রিম খেয়ে মিটানোর চেষ্টা করি।’ নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেদোয়ান বলেন, প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা দেড় কিলোমিটার দূর থেকে বিশুদ্ধ পানি এনে পান করে।টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল আহমদ বলেন, নলকূপ মেরামতের জন্য সরকারি কোনো বরাদ্দ না থাকায় ছাত্রছাত্রীরা চাঁদা তুলে মেরামত করে। তাও চাপাচাপি করে দুদিনেই নষ্ট হয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের চেয়ে বেশি বেকায়দায় আছেন তাঁরা। আশপাশের বাড়ি থেকে পানি এনে চলতে হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোবারক আকতার প্রথম আলোকে বলেন, পুরো উপজেলায় ২০টি বিদ্যালয়ে নলকূপ না থাকায় পানির সংকট চলছে। নলকূপ স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, অবিলম্বে বিদ্যালয়গুলোতে নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।