২০ বিদ্যালয়ের ১৭টিতেই প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৭টিতেই প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষকের ৩২টি পদের মধ্যে ২৪টি শূন্য। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল জিলা স্কুল, পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় ছাড়া বিভাগের বাকি ১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের এতগুলো পদ খালি থাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো চলছে অনেকটা অভিভাবকহীনভাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, বরিশাল বিভাগের মোট ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ আছে ৫২টি। কিন্তু দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় এবং পদোন্নতি না হওয়ায় প্রধান শিক্ষকের ১৭টি ও সহকারী প্রধান শিক্ষকের ২৪টি পদ খালি রয়েছে।বরিশাল নগরের জিলা স্কুলে সহকারী প্রধান শিক্ষকের দুটি পদই খালি। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি করে তাঁর স্থানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাড়ে তিন হাজার ছাত্রীর এ স্কুলে সহকারী প্রধান শিক্ষকের দুটি পদের একটি শূন্য।ভোলার ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একটিতেও প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষকের আটটি পদের সাতটি শূন্য। ঝালকাঠির দুটি বিদ্যালয়ের একটিতেও প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষকের চারটি পদের তিনটি শূন্য। পিরোজপুরের ছয়টি বিদ্যালয়ের মাত্র একটিতে প্রধান শিক্ষক আছেন। সহকারী প্রধান শিক্ষকের আটটি পদের সাতটি শূন্য। পটুয়াখালীর দুটি বিদ্যালয়ই প্রধান শিক্ষকশূন্য। সহকারী প্রধান শিক্ষকের চারটি পদের তিনটিই শূন্য। বরগুনার দুটি বিদ্যালয়ের একটিতে প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষকের দুটি পদ শূন্য। দীর্ঘদিন ধরে বিভাগের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিভাগের শিক্ষাব্যবস্থা অনেকটা নাজুক অবস্থায় রয়েছে। নগরের একাধিক অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী অন্য শিক্ষকেরা তাঁদের খেয়াল-খুশিমতো স্কুলে আসা-যাওয়া করেন। স্কুলে নামমাত্র পড়াশোনা হয়। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের এতগুলো পদ শূন্য থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অনেক ক্ষেত্রেই ভারপ্রাপ্ত শিক্ষককে অন্য শিক্ষকেরা তেমন গুরুত্ব দেন না, যার কারণে শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। তাই অনেক বিদ্যালয়েই শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিয়োগের ব্যাপারে মন্ত্রণালয়ের কাছে বহুবার লিখিতভাবে জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, সারা দেশেই সরকারি বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অনেক পদ শূন্য। তবে তা ভয়াবহ আকার ধারণ করেছে বরিশাল বিভাগে। যোগ্য সহকারী শিক্ষকও নেই, যাঁদের দায়িত্ব দেওয়া যায়। এ ছাড়া যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদেরও প্রশিক্ষণ না থাকায় তাঁরা সুষ্ঠুভাবে প্রশাসনিক কাজ করতে পারছেন না। সার্বিক অবস্থা খুবই খারাপ। অন্য কোনো স্থান থেকে নিয়ে হলেও এই সংকট নিরসন করা উচিত।