২০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ, ১০ জেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ২০ মণ জাটকাসহ দুটি ট্রলার জব্দ করা হয়েছে। পরে ট্রলার দুটি নিলামে বিক্রি করা হয়। গত মঙ্গলবার বেলা দুইটা থেকে দিবাগত রাত তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় দুটি ট্রলারের ১৬ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১০ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনকে জরিমানা করা হয়েছে।

‘এফবি ছোট হুজুরের দোয়া’ ট্রলারের মালিক পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট এলাকার জলিল মৃধা ও ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক বরগুনার পাথরঘাটার কামরুল হুদা।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটা-সংলগ্ন বলেশ্বর নদ ও বিষখালী নদীর মোহনায় উপজেলা মৎস্য বিভাগ, চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি ও পাথরঘাটা থানার পুলিশ যৌথভাবে ওই অভিযান চালায়। অভিযান চলাকালে ২০ মণ জাটকাসহ ট্রলার দুটি জব্দ করা হয়। এ ছাড়া দুই ট্রলারের ১৬ জেলেকে আটক করা হয়। পরে তাঁদের পাথরঘাটা নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১০ জেলের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিন জেলেকে দুই হাজার টাকা করে জরিমানা ও অপর তিন শিশু জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, ওই দুই ট্রলারে থাকা ২০ মণ জাটকা স্থানীয় এতিমখানাসহ গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পরে ট্রলার দুটি ২ লাখ ২০ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।

চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রমজান মিয়া বলেন, সাজাপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।