২০ মামলার আসামি ও সাজাপ্রাপ্ত প্রতারক গ্রেপ্তার
প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সাজা মাথায় নিয়ে ফারুক বিন জামান (৩৩) নামের ওই ব্যক্তি দুই দিন আগে পুলিশ কমিশনারের কার্যালয়ে অন্য এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে যান। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সাজাপ্রাপ্ত আসামি। খোঁজ নিয়ে জানা গেছে, ফারুক নগরের আগ্রাবাদের সিডিএ এলাকার মমতাজ মঞ্জিলের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুরের চর মোহাম্মদপুর এলাকার সিরাজ উজ জামানের ছেলে। তিনি নিজেকে এফবি জামান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার বলে দাবি করেন। তাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে ২০টি প্রতারণার মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার কয়েকটিতে তিনি পরোয়ানাভুক্ত আসামি। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ফারুকের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা হলেও কেউ তাঁকে এর আগে গ্রেপ্তারের আগ্রহ দেখায়নি। অথচ আদালত তাঁর বিরুদ্ধে বেশির ভাগ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু নগর গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে ফারুকের সখ্য গড়ে ওঠে। ওই গোয়েন্দা কর্মকর্তার স্ত্রীর ব্যবহারের জন্য গাড়ি পাঠাতেন ফারুক। ওই কর্মকর্তা জানান, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ফারুককে লেলিয়ে দেন ওই গোয়েন্দা কর্মকর্তা। বিষয়টি পুলিশের মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শককে (প্রশাসন) নজরে আনা হয়েছে। পুলিশ জানায়, ফারুক বিদেশ থেকে প্লাস্টিকের দানা আমদানির পাশাপাশি পলিথিনের ব্যবসা করে আসছেন। আমদানি করা পণ্য প্রথমে দু-একবার বিভিন্ন ব্যবসায়ীকে সরবরাহ করে বিশ্বাস স্থাপন করলেও পরে টাকা নিয়ে আর পণ্য সরবরাহ করতেন না। ব্যবসায়ীরা পণ্য সরবরাহ চাইলে উল্টো তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ঠুকে দিতেন ফারুক। গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-ডিবি) মো মনিরুজ্জামান বলেন, ‘প্রথমে বিশ্বাস স্থাপন করে পরে মোটা অঙ্কের টাকা নিয়ে পণ্য সরবরাহ করতেন না ফারুক। এরপর টাকা চাইলে পাওনাদারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা করে দিতেন।’