২০ মার্চ ডিসি কার্যালয় ঘেরাও করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ২০ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসকদের (ডিসি) কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ‘ভোট জালিয়াতি, হামলা-মামলা এবং গুপ্তহত্যার’ প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে দলটি।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে দলটি এই প্রথম কোনো কর্মসূচি দিল।
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৩টি লাশ পাওয়া গেছে। নদীতে, খালে-বিলে এমনকি গভীর রাতে সুনসান লোকালয়েও লাশ পাওয়া যাচ্ছে। সরকারি মদদে সন্ত্রাসীদের অবাধ স্বাধীনতায় দেশ ভয়ংকর খুন ও জখমের লীলাভূমিতে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রিজভী দাবি করেন, সরকার উপজেলা নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সহিংসতার মাত্রা বাড়িয়েছে। প্রশাসনের সমর্থনে এসব ঘটনা ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে পাঠানোর সমালোচনা করে তিনি বলেন, সরকার জেল-জুলুম দিয়ে আন্দোলনকে স্তব্ধ করার কৌশল নিয়েছে।