স্বাধীনতা দিবস উপলক্ষে ২০ মার্চ ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সমাবেশে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদেরও সম্মাননা জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের কর্মসূচি ঘোষণা করেন ফখরুল। তিনি জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। ২৩ মার্চ মহিলা দল ও ২৫ মার্চ বিএনপি আলোচনা সভার আয়োজন করবে।
এ ছাড়া ২৩ মার্চ সারা দেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে ছাত্রদল, পরদিন ২৪ মার্চ একই প্রতিযোগিতা আয়োজন করা হবে ঢাকায়। স্বেচ্ছাসেবক দল, যুবদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), তাঁতী দল, কৃষক দলসহ অন্য সব অঙ্গসংগঠনও নিজেদের মতো করে কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয়ভাবে বিএনপি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হবে।
এর আগে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে একটি কবিতার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল দাবি করেন, মানুষ আওয়ামী লীগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এটি উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে। এখন সাধারণ মানুষ ঘৃণাভরে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে। তিনি অভিযোগ করেন, সব উপজেলায় আওয়ামী লীগ সহিংসতা করেছে, কিন্তু নির্বাচন কমিশন কিছু করেনি।
মির্জা ফখরুল বলেন, এই রাষ্ট্র পুরোপুরি স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এখন কোনো কিছু স্বাধীনভাবে লিখতে গেলে বা বলতে গেলে বিপদের সম্মুখীন হতে হয়, জেলে যেতে হয়।