২০ মাস তদন্ত করেও আসামির ঠিকানা পায় না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ২০ মাস তদন্ত করেও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের এক কর্মীর পূর্ণাঙ্গ ঠিকানা খুঁজে বের করতে পারেনি পুলিশ। এ কারণে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মামলাটি মোট চারজন পুলিশ কর্মকর্তা তদন্ত করেন। অথচ চট্টগ্রাম আদালতে দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, অপরাধের সত্যতা মিলেছে। মুঠোফোন নম্বর থাকার পরও এজাহারভুক্ত আসামি মনির হোসেনকে সন্ত্রাস দমন আইনে করা মামলা থেকে অব্যাহতির সুপারিশ করার বিরুদ্ধে নারাজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।
২০১৪ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের পক্ষে প্রচারপত্র বিলি করার সময় শহীদুল ইসলাম নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন মনির হোসেনসহ আরও কয়েকজন। তাঁরা পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শহীদুল ও মনির হোসেনের (পলাতক) নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করে।
পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা এ মামলায় গত রোববার আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে শুধু শহীদুলকে আসামি করা হয়। তিনি এখন জামিনে রয়েছেন।
মামলার সর্বশেষ (চতুর্থ) তদন্ত কর্মকর্তা ছিলেন পাঁচলাইশ থানার এসআই আবদুর রাজ্জাক। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার শহীদুল হিযবুত তাহ্রীরের একজন সক্রিয় সদস্য। তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজাহারভুক্ত আরেক আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও তাঁর পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হলো। ভবিষ্যতে পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া গেলে এই মামলায় মনিরকে অভিযুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বর পাওয়া গেলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই মনির হোসেনকে শনাক্ত করা যায়নি। ঠিকানা খুঁজে না পাওয়ার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, ‘অনেক চেষ্টা করেছি। ঠিকানা না পাওয়ায় অভিযোগপত্রে আসামি করা যায়নি। মুঠোফোন নম্বরটিও বন্ধ। মুঠোফোন নম্বরটি মনিরের নামে নিবন্ধন করা হয়েছে কি না এ প্রশ্নে তিনি বলেন, সেটি দেখা হয়নি।
মামলার তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘২০ মাস তাহলে পুলিশ কী তদন্ত করল। দুর্বল তদন্তের কারণে জঙ্গিদের পেছনে কারা রয়েছেন, তা বের করা যাচ্ছে না। মামলাটি অধিকতর তদন্তের জন্য আমরা আদালতে আবেদন করব।’ এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, তদন্তে কোনো ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।