২০ মাসের মন্ত্রীর কাছে পাঁচ বছরের কাজ আশা করে লাভ নেই: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০ মাসের মন্ত্রীর কাছে পাঁচ বছরের কাজ আশা করে লাভ নেই। তার পরও রাস্তা নির্মাণে তিনি জনগণের প্রত্যাশা অনেকটা পূরণ করতে পেরেছেন। আজ রোববার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহুয়া রেস্ট হাউস চত্বরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমি একমাত্র মন্ত্রী যে যানজটের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছি। দুঃখপ্রকাশ করেছি। যদিও এটা যোগাযোগ মন্ত্রণালয়ের একার বিষয় নয়। আমাকে দায়ী করতে পারতেন যদি আমার রাস্তা খারাপ হতো।’
যোগাযোগমন্ত্রী বলেন, ‘দুই মাসে সব গাড়ি ফিট করার দায়িত্ব থাকলেও আমার পক্ষে এটা সম্ভব নয়। আমি দুই মাসে যতটা সম্ভব করে যাব। আমার কোনো ছুটি নেই। শুক্রবার নেই, শনিবার নেই। মন্ত্রী হওয়ার পর একটা দিনও ছুটি ভোগ করিনি। ১৮ মাসে কোনো বিদেশ সফর করিনি। আমি অন্তত ১০টা দেশ সফরের সুযোগ পেয়েছি। বাতিল করেছি। সুইডেন, জাপান, কোরিয়ার মতো দেশ, ইস্তাম্বুলের মতো সিটি সফর বাতিল করেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রথম রাতেই বিড়াল মারতে হয়। যানজট নিরসনে সরকারের স্বল্পমেয়াদি কিছু এজেন্ডা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের শেষ বেলায় স্বল্পমেয়াদি কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে নানামুখী চাপে কঠোর হওয়া সত্যিই সহজ নয়।’ তিনি আরও বলেন, ‘কতগুলো ছোট ছোট অবৈধ পরিবহন, অবৈধ স্থাপনা রাস্তার ওপর চলে আসে। এ বিষয়গুলো নির্বাচনী বছরে বাস্তবায়ন করা খুব কঠিন।’

মন্ত্রী বলেন, ‘সরকারের প্রথম দিকে এসব কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি এখন শেষ বেলায় এসে নানামুখী চাপের মুখে পড়েছি। এ সিদ্ধান্তগুলোর সব বাস্তবায়ন করতে পারছি না। এসব সিদ্ধান্ত শুরুতে নিতে হয়, প্রথম রাতেই বিড়াল মারতে হয়।’

মন্ত্রী বলেন, ‘যানজট কমাতে ভবিষ্যতে আমাদের পোশাক কারখানাগুলোকে পর্যায়ক্রমে ছুটি দিতে হবে। পোশাকশ্রমিক বেশি থাকায় ৪৮ ঘণ্টার হরতালের পর একদিনে কাজে যোগ দিতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যাত্রীর অতিরিক্ত চাপ সড়কে পড়েছে। এসব ইস্যু রাতারাতি সব সমাধান হবে না। সমাধান করতে হলে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।’

পদ্মা সেতুর অবস্থা জানতে চাইলে মন্ত্রী ক্ষুব্ধকণ্ঠে বলেন, ‘পদ্মা সেতু নিয়ে কথা বলা হয়ে গেছে। আমরা একটা বলব, আর আপনারা লিখবেন আরেকটা। আগামী দুই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে—এ কথা আমি বলিনি। তার পরও দেখলাম টেলিভিশনে এ রকম এসেছে। এটা মিথ্যা কথা। আমার ভয়েস রেকর্ড আছে। তার পরও যদি আপনারা এক একটা নিউজ বানান, প্লিজ, আমিও সাংবাদিক ছিলাম। এই অবিচারটা আমার ওপর করবেন না। আমি ফালতু কথা বলি না। আমাকে দিয়ে ফালতু কথা বলাবেন না। আমার যে ভয়েস তাঁর বাইরে আপনারা কোনো কথা দেবেন না।’

রেস্ট হাউসে গোপালগঞ্জের জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভুইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, নির্বাহী প্রকৌশলী সমিরন রায়, উপবিভাগীয় প্রকৌশলী এসএম বদরুজ্জামান, কোটালীপাড়া পৌরসভার মেয়র অহেদুল ইসলাম হাজরা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।