দুপুর ১২টা। থেমে যায় রংপুর শহরের বাসিন্দারা। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জনগণ নেমে পড়ে রাজপথে। রংপুরকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে গতকাল রোববার ২০ মিনিটের জন্য রংপুর স্তব্ধ কর্মসূচি পালন করা হয়।আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহ-মেদের নেতৃত্বে সিটি করপোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে ২৪ মে বৃহস্পতিবার পৌরসভা ঘেরাও করে তালা মেরে দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।শহরের সিও বাজার, মেডিকেল মোড়, জিলা স্কুল মোড়, কাছারিবাজার, জাহাজ কোম্পানী মোড়, বেতপট্টি মোড়, শাপলা চত্বর, লালবাগ, মডার্ন মোড়, বাস টার্মিনাল, মাহিগঞ্জ এবং স্টেশন এলাকায় মাইকে গণসংগীত ও দেশাত্মবোধক গান বাজিয়ে এ স্তব্ধ কর্মসূচি পালন করা হয়। স্তব্ধ কর্মসূচি শেষে শহরের কাছারিবাজারে এক সমাবেশে আওয়ামী লীগের সাবেক সাংসদ শরফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী এক বছর আগে রংপুর জিলা স্কুলমাঠের এক সমাবেশে রংপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এ দাবি নিয়ে জেলার মানুষকে আবারও রাজপথে আন্দোলন করতে হচ্ছে। এই দাবি আদায় না হলে প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করে রংপুরকে অচল করে দেওয়ার আল্টিমেটাম দেন তিনি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদ নবী, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা জামান, কারমাইকেল কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হাসান, ছাত্রনেতা তানভীরুজ্জামান প্রমুখ।উল্লেখ্য, ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুলমাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি দেন। কিন্তু এক বছরেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় রংপুরবাসী একাধিক সংগঠনের ব্যানারে আন্দোলনে নেমেছে।