২০ মিনিটে এক কৃষকের পাঁচটি গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে ২০ মিনিটের ব্যবধানে কৃষক দিলীপ চন্দ্র রায়ের তিনটি দুধেল গাভিসহ পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে পৌর শহরের জামুবাড়ী কৈলাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলোর দাম প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছেন ওই কৃষক।
গতকাল বিকেলে ওই গ্রামে গিয়ে জানা যায়, কৃষক দিলীপ চন্দ্র রায়ের গরুর সংখ্যা আটটি। এর মধ্যে পাঁচটি গরুকে গতকাল বিকেলে বাড়ির উঠানে তাঁর স্ত্রী অলোকা রানী রায় ইট-সিমেন্টের পাত্রে লবণ মিশ্রিত গরম পানি খাওয়ান।
অলোকা রানীর ভাষ্যমতে, ওই পানি খাওয়ানোর ১০ মিনিট পর একটি গরু ঝিমুতে থাকে। এ অবস্থা দেখে পাশেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক আবদুল কাদেরকে তিনি বাড়িতে নিয়ে আসেন। চিকিৎসকের সামনেই একে একে পাঁচটি গরু ২০ মিনিটের মধ্যে মারা যায়।
সন্ধ্যার আগে ময়নাতদন্ত ছাড়াই মৃত ওই গরুগুলোকে পুঁতে রাখার জন্য ওই কৃষকের বাড়ির পাশে নেওয়া হলে অলোকা রানী হাউমাউ করে কাঁদতে থাকেন।
এ ব্যাপারে প্রতিবেশী তিন-চারজন জানান, অলোকা রানী গরুগুলোকে সন্তানের স্নেহে লালন-পালন করতেন। এ সময় কান্নায় ভেঙে পড়ে অলোকা রানী বলেন, ‘আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই।’
পশু চিকিৎসক আবদুল কাদের বলেন, ধারণা করা হচ্ছে কেউ হয়তো ওই পাত্রে আগেই বিষাক্ত কিছু দিয়ে রেখেছিল। এ কারণে বিষক্রিয়ায় গরু পাঁচটির মৃত্যু হয়েছে।
তবে প্রতিবেশী হিমেল চন্দ্র ও ধীরেন্দ্র নাথ জানান, লবণের মধ্যেও ভেজাল থাকতে পারে। যে কারণে তা পানিতে মিশিয়ে খাওয়ানোর সঙ্গে সঙ্গে গরু মারা গেছে।
এদিকে একসঙ্গে পাঁচটি গরুর মৃত্যুর খবর শুনে ওই কৃষকের বাড়িতে সন্ধ্যায় ছুটে যান বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দিয়ে বলেন, বিষক্রিয়ায় গরুর মৃত্যু হয়েছে বলে পশু চিকিৎসকেরা জানিয়েছেন। বিষয়টি অবশ্যই তদন্তের ব্যবস্থা করা হবে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।