২০ মে শুরু হচ্ছে বেল্টা সম্মেলন
ইংরেজি ভাষা শেখার ওপর গুরুত্ব আরোপ করে ২০ মে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা) ও ভাষা শিখন কর্মসূচি ইংলিশ ইন অ্যাকশনের যৌথ উদ্যোগে রাজধানীর বিয়াম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইআইএ ব্রিটিশ সরকারের ডিএফআইডির সহযোগিতায় পরিচালিত একটি প্রতিষ্ঠান।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা। ‘পরিবর্তনশীল বিশ্বে ইংরেজি শিখন: বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও স্থানীয় প্রেক্ষাপট’ শীর্ষক পঞ্চম বেল্টা আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও বিদেশি শিক্ষক, নীতিনির্ধারক ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানান তাঁরা।সম্মেলনের কো-চেয়ার ও বেল্টার সাধারণ সম্পাদক আরিফা রহমান বলেন, নির্ধারিত আলোচক ছাড়াও আরও অনেক বিষয়ের উপস্থাপনা থাকবে। ছয় শতাধিক অতিথি অধিবেশনে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বেল্টার সভাপতি রুবিনা খান, ইংলিশ ইন অ্যাকশনের (ইআইএ) দলনেতা মার্ক ভ্যান ডার স্টাওয়া, মাইক সলি প্রমুখ।