২০ রমজানের আগে বেতন-বোনাস দিতে বললেন মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস ২০ রমজানের আগে পরিশোধের আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এ ব্যাপারে তিনি বিজিএমইএ, বিকেএমইএসহ পোশাকশিল্প মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

‘বিষমুক্ত খাবার, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস প্রদান ও নিরাপদে বাড়ি ফেরা’ নিশ্চিত করার দাবিতে ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করে। সেখানেই মেনন এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকার ফরমালিন নিয়ন্ত্রণে এবং এর ব্যবহারকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে এ-সংক্রান্ত আইন সংশোধন করেছে।

রাশেদ খান বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না। এসব ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। জনসম্পৃক্ততা ও সচেতনতাই পারে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে।


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তিনি দলীয় নেতা-কর্মীদের বাজার পরিদর্শন ও দ্রব্যমূল্য মনিটরিং করার আহ্বান জানান। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপে বাধা দিচ্ছে। এসব সিন্ডিকেট ভেঙে দিতে হলে জনসচেতনতা বাড়াতে হবে।


বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদে মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে। আর কোনো শ্রমিক বা সাধারণ মানুষ যাতে মৃত্যুর মিছিলে শামিল না হয়—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।