২০ রমজানের আগে বেতন-ভাতা দেওয়ার দাবি
২০ রমজানের আগে দেশের গার্মেন্টস ও ব্যক্তিমালিকানাধীন সব শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীর বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিবছরই গার্মেন্টসসহ ব্যক্তিমালিকানাধীন অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস দিতে গড়িমসি করেন। এমনকি অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের বেতনও দেয় না। তাই ২০ রমজানের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানান তাঁরা।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, দেওয়ান মো. আলী, আবদুর রাজ্জাক, আবদুল মালেক, সামসুল হক, আয়েশা ইসলাম প্রমুখ।