২০ রমজানের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি
২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও এক মাসের বেতনের সমপরিমাণ টাকা বোনাস হিসেবে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পোশাকশ্রমিক সমাবেশে কেন্দ্রের নেতারা এ দাবি জানান।
সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাজী রুহুল আমিন, জিয়াউল কবীর, ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মন্ত্রী-এমপিসহ সব চাকরিজীবী এবং সব সেক্টরের শ্রমিকেরা এক মাসের বেতন উৎসব বোনাস হিসেবে পেয়ে থাকেন। অথচ পোশাকশ্রমিকদের নামমাত্র বোনাস দেওয়ার পাঁয়তারা করছেন মালিকেরা। এর পরে শ্রমিকেরা যাতে কোনো আন্দোলনে নামতে না পারেন, সে জন্য স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করছেন মালিকেরা। অন্যদিকে পোশাক কারখানার মালিকেরা নিজেরা ইতিমধ্যে ঈদের বাজার করতে সপরিবারে বিদেশে যাচ্ছেন।