গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট বিসিক আঞ্চলিক শাখা ২০ রমজানের মধ্যে শ্রমিকদের জুলাই মাসের বেতনসহ পূর্ণ বোনাসের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে। এ সময় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানানো হয়।
এদিকে জেলার রূপগঞ্জের তারাব পৌরসভা এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ ও দফায় দফায় বিক্ষোভ করেন।
বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বিসিক ২ নম্বর গলিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিসিক শাখার সভাপতি নূর হোসেন সরদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা ঈদুল ফিতরের কমপক্ষে ১০ দিন আগে শ্রমিকদের পূর্ণ বোনাস এবং চলতি মাসের বেতন দেওয়ার দাবি জানান।
এদিকে তারাব পৌরসভার মৈকুলী এলাকার সিকদার অ্যাপারেলসে প্রায় দেড় হাজার শ্রমিক চার দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। দাবিগুলো হলো বকেয়া বেতন-ভাতা, অতিরিক্ত কাজের মজুরি বৃদ্ধি ও পরিশোধ, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ এবং সরকারি নিয়মানুযায়ী বেতন-ভাতা পরিশোধ। এসব দাবিতে গতকাল সকাল নয়টার দিকে শ্রমিকেরা কাজে যোগদান না করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে কয়েক শ যানবাহন আটকা পড়ে।