২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের মাসিক মূল বেতনের সমপরিমাণ বোনাস, জুন মাসের পূর্ণ বেতনসহ সব বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহসভাপতি আবদুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক।
এম এ শাহীন বলেন, সরকার জাতীয় পে-কমিশন ঘোষণা করে মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছে। গ্যাস, বিদ্যুতের বিল বেড়েছে। বাড়িভাড়া, গাড়িভাড়া বৃদ্ধি পেয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়েছে। এতে দৈনন্দিন জীবনের ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকদের প্রাপ্ত মজুরিতে জীবনধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। তাই অনতিবিলম্বে মজুরি বোর্ড গঠন করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা, বাড়িভাড়া, যাতায়াত, চিকিৎসা ভাতাসহ মোট মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তিনি।