২০ রমজানের মধ্যে বেতন বোনাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ রমজানের মধ্যে গার্মেন্টসগুলোতে জুন মাসের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ এবং শ্রমিকদের রেশন, বাসস্থান, চিকিৎসা ও শ্রমিকের সন্তানের ডে-কেয়ার সেন্টারের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নগরের মাসদাইর চৌধুরী কমপ্লেক্সের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।

আবু নাঈম খান বলেন, প্রতিবছর ঈদ এলে গার্মেন্টসগুলোতে বেতন-বোনাস নিয়ে মালিকদের টালবাহানার কারণে শ্রমিক-অসন্তোষ তৈরি হয়। দেখা যায়, ঈদের এক দিন আগে বেতন-বোনাস দেওয়া হয়। কোথাও অর্ধেক বোনাস দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে নামমাত্র বকশিশ দেওয়া হয়। অনেক ক্ষেত্রে তা-ও দেওয়া হয় না। ফলে চরম শ্রমিক-অসন্তোষ তৈরি হয়। প্রশাসন এখানে নির্বিকার থাকে।

আবু নাঈম আরও বলেন, সরকার বিশাল বাজেট ঘোষণা করলেও এতে শ্রমিকদের দাবিমতো রেশন, আবাসন ও চিকিৎসার সুযোগ-সুবিধা রাখা হয়নি। বিপুল ট্যাক্স বৃদ্ধির ফলে শ্রমিকসহ সাধারণ জনগণের পকেটের টাকা বিভিন্ন প্রক্রিয়ায় ও দুর্নীতির মাধ্যমে লুটপাটকারী ধনীদের পকেটস্থ হবে।