২০ রমজানের মধ্যে বেতন-বোনাস দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক-কর্মচারীদের বেতন, পূর্ণ ঈদ বোনাস ও বকেয়া বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানিয়েছেন টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিবারের মতো এবারও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান নিয়ে টালবাহানা চলছে। জাতীয় বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ী মালিকগোষ্ঠীর সঙ্গে সরকার দফায় দফায় বৈঠক করলেও দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি শ্রমজীবী মানুষের প্রতিনিধিদের কোনো মতামত গ্রহণ করা হয়নি।
বক্তারা বাজেটে শ্রমিক-কর্মচারীদের জন্য শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও রেশন প্রদানের জন্য বরাদ্দ রাখার দাবি জানান।
টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, আবদুর রাজ্জাক, সাহিদা পারভীন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।