২০ রোজার মধ্যে বেতন-বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন-বোনাস পরিশোধ করার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন l ছবি: প্রথম আলো
পবিত্র ঈদুল ফিতরের আগে বেতন-বোনাস পরিশোধ করার দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন l ছবি: প্রথম আলো

২০ রমজানের মধ্যে পোশাক-শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে ঐক্য পরিষদের অন্তর্ভুক্ত মোট ১৮টি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ঈদ এলেই মালিকপক্ষ শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস দিতে নানা টালবাহানা শুরু করেন। রমজান মাসের ১৮ তারিখ গেলেও বেতন ও বোনাস দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বেতন ও বোনাস পাওয়া শ্রমিকদের অধিকার। তাঁরা কোনো দয়া বা করুণা চাইছে না।
গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন বলেন, এর মধ্যে বেতন ও বোনাস দেওয়া না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সমাবেশে জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক লুৎফুন নাহার বলেন, ঈদ এলে বেতন ও বোনাসের দাবিতে বারবার শ্রমিকদের আন্দোলনে নামতে হয়। দেশের সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও শ্রমিকদের বাড়েনি। শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১০ হাজার টাকা করার দাবি জানান তিনি।