২০ রমজানের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের জুন মাসের বেতন ও বেতনের সমপরিমাণ বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও জোট।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম ও ১২টি সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন পৃথকভাবে এসব সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি ঈদের মতো এবারও শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কারখানার মালিকদের অনেকে টালবাহানা শুরু করেছেন। হাজিরা বোনাস, উৎপাদন বোনাস ঈদের পরে দেওয়ার জন্য নানা ধরনের জটিলতা তৈরি করছেন। তাঁরা বলেন, ২০ রোজার মধ্যে সব পোশাক কারখানায় ঈদ বোনাস ও জুন মাসের বেতন-ভাতাসহ ন্যায্য পাওনা পরিশোধে কেউ গড়িমসি করলে শ্রমিকেরা তা মেনে নেবেন না।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ঈদের সময় শ্রমিকেরা বেতন-বোনাস পাবেন, এটা তাঁদের একটা স্বাভাবিক ও আইনি অধিকার। কিন্তু প্রতি ঈদে এ জন্য আন্দোলন করাটা একটা দুঃখজনক বাস্তবতায় পরিণত হয়েছে।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসলিমা আখ্তার। গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ প্রমুখ। বিজ্ঞপ্তি।