২০ রোজার মধ্যে বোনাস, ঈদের আগে বেতন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ বোনাস ও বেতনের দাবিতে গতকাল সাভারে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
ঈদ বোনাস ও বেতনের দাবিতে গতকাল সাভারে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

২০ রোজার মধ্যে ঈদ বোনাস ও ঈদের ছুটির আগে চলতি মাসের বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ ও ঢাকার সাভারে পোশাকশ্রমিকেরা পৃথক বিক্ষোভ সমাবেশ করেছেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে এসব কর্মসূচি পালন করা হয়।
গতকাল বেলা ১১টায় সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সেখানে সমাবেশ হয়। সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাস বলেন, অধিকাংশ কারখানা পোশাকশ্রমিকদের জুন মাসের অর্ধেক বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে। অনেক কারখানা বেতন দিতে রাজি হলেও অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিতে অপারগতা প্রকাশ করেছে।
সৌমিত্র কুমার দাস বলেন, ঈদের ছুটি শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে। তখন শ্রমিকেরা জুনের বেতন পাওনা থাকবেন। এ জন্য বাড়ির মালিক ও দোকানিরা শ্রমিকদের কাছ থেকে পাওনা আদায় করে নেবেন। এ কারণে জুনের বেতন ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক না পেলে শ্রমিকদের ঈদের কেনাকাটা করা হবে না।
এদিকে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সাইফুল ইসলাম ওরফে শরীফ প্রমুখ।