২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের গোসাইবাড়ী এ এ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে আনা ২০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ৫১ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি পরিচালনা কমিটি ভেঙে দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সুপারিশও করেছেন।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯১৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুলতান মাহমুদ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ে তিন বছর ধরে প্রধান শিক্ষক নেই। সুলতান মাহমুদ ২০১১ সালের ২৬ জুন বিধি লঙ্ঘন করে সহকারী শিক্ষক এনামুল বারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করেন। তাঁরা দুজন মিলে বিদ্যালয়ের বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ করেছেন বলে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা ১ নভেম্বর ইউএনও এবং জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের গাছ বিক্রির ৭১ হাজার, দোকানঘরের ভাড়া, মার্কেটের ছয়টি দোকানঘর বরাদ্দের ছয় লাখ ৭০ হাজার এবং বিদ্যালয়ের মাঠের বার্ষিক হাট ইজারার টাকা ভুয়া ভাউচার দাখিল করে আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ের অন্যান্য সম্পদ থেকে বার্ষিক প্রায় ১৩ লাখ টাকা আয় হয়। গত বছরের টাকা সভাপতি বিদ্যালয়ের কাজে ঢাকা যাওয়ার নামে ভুয়া ভাউচার দিয়ে উঠিয়ে আত্মসাৎ করেছেন।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘কমিটির সিদ্ধান্তে বিধি মোতাবেক আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি কোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়িত নই।’ পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ জানান, ‘বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করছেন। তদন্ত কর্মকর্তা শিক্ষক-কর্মচারীদের মাধ্যমে প্রভাবিত হয়ে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।’সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, এনামুল বারী ও সুলতান মাহমুদের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের করা অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।