২০ লাখ টাকা হাতিয়ে উধাও ভুয়া এনজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় ‘রূপালী বাংলা এডুকেশন অব দি নলেজ’ নামে ভুয়া একটি বেসরকারি সংস্থা (এনজিও) স্থানীয় লোকজনের কাছ থেকে সঞ্চয় বাবদ প্রায় ২০ লাখ টাকা আদায় করে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতারণার শিকার ওই সংস্থার স্থানীয় সমিতির কয়েকজন সদস্য জানান, তালতলী উপজেলার তাঁতীপাড়ায় গত অক্টোবরে অফিস খুলে ওই সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নিশানবাড়িয়া ইউনিয়নে ১০-১২টি গ্রামে শতাধিক সমিতি গঠন এবং সমিতির সদস্যদের কাছ থেকে মাসিক ১০০ থেকে ২০০ টাকা হারে সঞ্চয় আদায় করেন।
সংস্থার মোয়াপাড়া সমিতির সদস্য আবদুল মজিদ আকন জানান, প্রতি মাসে ৩০ কেজি করে গম, বাচ্চাদের লেখাপড়ার খরচ, গরিব মেয়েদের বিয়ের খরচ এবং শিশু জন্মের পর থেকে ১৮ বছর বয়স পর্যন্ত মাসে ৩০ কেজি গম বা চাল ও শিশুখাদ্য দেওয়ার কথা বলে সংস্থার স্থানীয় মাঠকর্মী সিমু বেগম সঞ্চয়ের টাকা আদায় করেন। মাত্র দেড় মাসের মাথায় গত ১৩ নভেম্বর সংস্থার কর্মকর্তারা পালিয়ে যান। তাঁতীপাড়া গ্রামের পিয়ারা বেগম বলেন, বাচ্চাদের স্কুলের খরচ দেবে বলে ভুল বুঝিয়ে সংস্থার ব্যবস্থাপক সোলায়মান তাঁর মতো কয়েক শ গৃহিণীর কাছ থেকে সঞ্চয় বাবদ ২০০ টাকা করে আদায় করেছেন। অনেকে একাধিক শিশুর জন্য বেশি সাহায্য পাওয়ার আশায় তিন-চার হাজার টাকাও জমা দিয়েছেন।
সংস্থার স্থানীয় মাঠকর্মী সিমু বেগম জানান, তাঁতীপাড়া গ্রামের মৃত হজরত আলী খানের ছেলে সোলায়মান এ সংস্থার ব্যবস্থাপক হিসেবে এলাকায় অফিস খুলে তাঁকে মাসিক তিন হাজার টাকা বেতনে চাকরি দিয়েছেন। তাঁরা তিন-চারজন সমিতির টাকা সংগ্রহ করেছেন। সঞ্চয় হিসেবে আদায় করা প্রায় ২০ লাখ টাকা সোলায়মানের কাছে জমা আছে। তবে সোলায়মান অফিস গুটিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছেন। এ ব্যাপারে সোলায়মানের বড় ভাই বাদল খান বলেন, ‘সোলায়মানকে খুঁজে পেলে আমরা সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেব।’