২০ লাখ টাকার কাজ পাঁচ মাসে বিলুপ্ত
রংপুর সদর উপজেলায় ২০ লাখ টাকা ব্যয়ে নর্দমা নির্মাণের পাঁচ মাসের মধ্যে তা ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। উপজেলার ডালিয়া সড়কের পাগলাপীর বাজার এলাকায় প্রায় ৪০০ মিটার দীর্ঘ এ নর্দমা করা হয়েছিল।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রংপুর কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে পাগলাপীর বাজারের পানিনিষ্কাশনের জন্য ২০ লাখ টাকা ব্যয়ে আলম ব্রাদার্স দোকান থেকে মেরী টকিজ পর্যন্ত প্রায় ৪০০ মিটার দীর্ঘ নর্দমাটি করা হয়। এটির নির্মাণকাজ করেছেন প্যাটেন্টস কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গত ২৯ আগস্ট দেখা গেছে, নির্মাণ করা এ নর্দমার প্রায় অর্ধেকই ভেঙে জলপ্রবাহ বন্ধ হয়ে মাটি জমে জমে সংলগ্ন রাস্তার সঙ্গে মিশে গেছে। কোথাও কোথাও তো নর্দমার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। নর্দমার বাকি অংশ ঠিক থাকলেও পানিপ্রবাহ বন্ধ হয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা।
পাগলাপীর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, নর্দমা ভাঙতে ভাঙতে এর অর্ধেকই মাটির সঙ্গে মিশে গেছে।
সংশ্লিষ্ট হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, নর্দমা নির্মাণের সময় কর্তৃপক্ষকে রাস্তা থেকে কিছুটা উঁচু করে করতে দিতে বলা হয়েছিল। কিন্তু তা করা হয়নি।
ঠিকাদার আল আমিন বলেন, ‘দরপত্র অনুযায়ী শেষ করে অনেক আগেই তা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। তখন কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, নর্দমাটি রাস্তার লেভেলে থাকায় বাস-ট্রাক চলাচল করতে করতে একটু দ্রুতই নর্দমাটি ভেঙে যায়। আবার একটু উঁচু করে নর্দমাটি করে দেওয়ার পরিকল্পনা আছে।