নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৃহস্পতিবার ভোর রাতে একই ভবনের দুটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় এক নারী আহত হয়েছে। মুখোশধারী সশস্ত্র ডাকাতদল দুটি বাসা থেকে লুটে নিয়েছে ২১ ভরি স্বর্ণালংকার এবং আট লাখ ৯০ হাজার টাকা। লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেছে ডাকাতির শিকার দুই পরিবার।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বলেন, ডাকাতেরা কিছু আলামত ফেলে গেছে। এই আলামতের সূত্র ধরে ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়েছে।ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় শাহীন কোল্ড স্টোরেজ-সংলগ্ন মৃত আনোয়ার হোসেন মিয়ার মালিকানাধীন দোতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকেন রড ব্যবসায়ী সারোয়ার আলম মোল্লা। তিনি জানান, ২০-২২ জনের সশস্ত্র ডাকাতদল ভোর চারটার দিকে তাঁর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে আমার ও আমার পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের আলমারি ভেঙে আট লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল সেটসহ ১৬ লাখ টাকার মালামাল লুটে নেয়।পরে ডাকাতদল ভবনের দ্বিতীয় তলায় মৃত আনোয়ার হোসেনের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতদের বাধা দেওয়ায় আনোয়ার হোসেনের মেয়ে ফারহানা আক্তার (১৮) ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এই বাসা থেকে ডাকাতদল চার ভরি স্বর্ণালংকার, ৯০ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে জানিয়েছেন আহত ফারহানা।ডাকাতির ঘটনায় সারোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।