২০ লাখ ডলার পুরস্কার পাচ্ছে আইসিডিডিআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষের ওপর প্রভাব ফেলে এমন স্বাস্থ্য সমস্যা সমাধানে উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের হিলটন ফাউন্ডেশন পুরস্কার পাচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)। পুরস্কার হিসেবে আইসিডিডিআরবি পাবে ২০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা।

গতকাল আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার পাওয়ার কথা জানান আইসিডিডিআরবির উপনির্বাহী পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, পুরস্কারের অর্থের পরিমাণ নোবেল পুরস্কারের অর্থের চেয়ে বেশি।

এর আগে গতকালই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হিলটন ফাউন্ডেশনের পক্ষ থেকেও এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। আন্তর্জাতিক হোটেল চেইন প্রতিষ্ঠান হিলটন হোটেলের সামাজিক দায়বদ্ধতাবিষয়ক প্রতিষ্ঠান হিলটন ফাউন্ডেশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মানজনক পুরস্কার পাওয়ার জন্য আইসিডিডিআরবিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, প্রায় ছয় দশক ধরে আইসিডিডিআরবি উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্যে যে বিপ্লব ঘটিয়েছে, এই পুরস্কার তার স্বীকৃতি।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় হিলটন হিউম্যানেটেরিয়ান সম্মেলনে আইসিডিডিআরবিকে এই পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট টিকা বিজ্ঞানী ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. জন ডি ক্লেমেনস বলেন, এই পুরস্কার প্রতিষ্ঠানের সবার। পুরস্কারের অর্থ নতুন উদ্ভাবনে এবং আগের উদ্ভাবনগুলোর বিস্তারে ব্যয় করা হবে।