২০ লাখ রুপিসহ পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার
চট্টগ্রামে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে বন্দর থানাধীন দুই নম্বর মাইলের মাথা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুবাই থেকে ছেড়ে আসা বিমানে চড়ে তিনি বেলা ১১টায় চট্টগ্রামে আসেন। গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিকের নাম মো. শওকত আলী (৫৫)। তিনি করাচির সেলার শহরের বাসিন্দা। তিনি আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্য বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা।বন্দর থানার পুলিশ জানায়, ভারতীয় মুদ্রা নিয়ে শওকতের চট্টগ্রামে আসার খবর আগেই তাঁরা পেয়ে যান। তবে অভিবাসন পুলিশ ও শুল্ক বিভাগের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তিনি বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।পুলিশ সূত্র জানায়, শওকত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিলেন। দুই নম্বর মাইলের মাথায় অটোরিকশাটি পৌঁছালে সেটির গতিরোধ করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, আটক ভারতীয় মুদ্রার সব কটিই ৫০০ রুপির নোট। ৩৯টি বান্ডিল (প্রতি বান্ডিলে ১০০টি নোট) ছাড়াও খুচরা ৫০টির বেশি নোট ছিল। এ ছাড়া যৌন উত্তেজক বড়িও তাঁর কাছে পাওয়া গেছে। আটকাবস্থায় শওকত পুলিশ ও সাংবাদিকদের বলেন, তিনি করাচি থেকে বিমানে চড়েন। বিমানটি দুবাইয়ে যাত্রাবিরতি করলে সেখান থেকে চট্টগ্রামে আসেন। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মো. আরেফিন জুয়েল প্রথম আলোকে জানান, শওকত এর আগে তিনবার বিদেশি মুদ্রা নিয়ে বাংলাদেশে আসেন। তবে এবারই তিনি প্রথম ধরা পড়েন। তাঁর মুঠোফোনে গতকাল বেলা দেড়টার দিকে একটি কল আসে। জনৈক দুর্জয় কলটি করেন বলে দাবি করেন। দুর্জয় নিজেকে মিরপুরের বাসিন্দা বলে জানান। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।