২০ শতক জমির লাউগাছ কর্তন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের মাসুদ রানার ২০ শতক জমির লাউগাছ গত বুধবার রাতে গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মাসুদ রানার অভিযোগ, ব্যবসার প্রতিযোগিতায় পরাজিত হয়ে এ কাজ করেছেন শফি উদ্দিন। মাসুদ রানা ও শফি উদ্দিন দুজনই বানুড়িয়া বাজারে পাশাপাশি জায়গায় মুরগির ব্যবসা করেন।মাসুদ রানার অভিযোগ, তাঁর ব্যবসা শফি উদ্দিনের চেয়ে অনেকটা ভালো। এতে শফি উদ্দিন ক্ষুব্ধ। তাই শফি উদ্দিন নানা বিষয়ে প্রায়ই তাঁর সঙ্গে বিরোধ সৃষ্টি করেন। ক্ষতি করার হুমকি দেন। মাসুদ রানা জানান, বুধবার সন্ধ্যার কিছুক্ষণ পর তিনি খবর পান, তাঁর খেতের সব লাউগাছ কেটে দেওয়া হয়েছে। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দেখেন, তাঁর ২০ শতক জমিতে রোপণ করা সব গাছের গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। এ সময় তিনি খেত-এলাকায় শফি উদ্দিনকে ঘোরাঘুরি করতে দেখেন। এ ব্যাপারে তিনি শফি উদ্দিনের নামে স্থানীয় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে খোঁজ নিতে গেলে শফি উদ্দিনকে পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জানান, তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেবেন।