২০ সরকারি স্কুলের ১৭টিতে প্রধান শিক্ষক নেই
বরিশাল বিভাগের ছয়টি জেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২০টি। এর মধ্যে ১৭টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের ৩২টি পদের মধ্যে ২১টি শূন্য। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের এত পদ খালি থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে একরকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও বিভিন্ন বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের প্রধান হিসেবে তদারকিতে কেউ না থাকায়, এসব স্কুলের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপযুক্ত জবাবদিহির অভাবে এসব স্কুলের শিক্ষকেরা তাঁদের খেয়াল-খুশিমতো স্কুলে আসে-যান।বরিশাল নগরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। এই দুটি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের চারটি পদের দুুটি শূন্য।ভোলার ছয়টি বিদ্যালয়ের পাঁচটিতে প্রধান শিক্ষক নেই। জেলায় সহকারী প্রধান শিক্ষকের সাতটি পদ শূন্য। ঝালকাঠির দুটি বিদ্যালয়েই প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষকের তিনটি পদ শূন্য। পিরোজপুরে ছয়টি বিদ্যালয়ের একটিতেও প্রধান শিক্ষক নেই; সহকারী প্রধান শিক্ষকের পাঁচটি পদ শূন্য। পটুয়াখালীতে দুটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এই দুটিতে সহকারী প্রধান শিক্ষকের দুটি পদ দীর্ঘদিন শূন্য। বরগুনার দুটি বিদ্যালয়ের একটিতে প্রধান শিক্ষক নেই। জেলায় সহকারী প্রধান শিক্ষকের তিনটি পদ শূন্য।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বরিশাল বিভাগের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অধিকাংশ পদ শূন্য থাকায় এখানকার শিক্ষা কার্যক্রম অনেকটা নাজুক অবস্থায় পড়েছে। অনেক স্কুলেই ঠিকভাবে ক্লাস ও শিক্ষা কার্যক্রম না চললেও তা দেখভাল করার কেউ নেই।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমলকৃষ্ণ মজুমদার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানের পদ শূন্য থাকলে সেখানে সুষ্ঠুভাবে প্রশাসন চালানো সম্ভব হয় না। একটি নিয়োগ পরীক্ষা হয়েছে। আশা করি, শিগগির ওই সমস্যার সমাধান হবে।নাম প্রকাশ না করার শর্তে বরিশাল নগরের একাধিক অভিভাবক অভিযোগ করেন, সরকারি বালিকা বিদ্যালয় ও বরিশাল জিলা স্কুলে ঠিকভাবে ক্লাস হয় না। বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী অন্য শিক্ষকেরা তাঁদের খেয়াল-খুশিমতো স্কুলে আসেন। স্কুলে নামমাত্র পড়াশোনা হয়। এ প্রসঙ্গে বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকরকুমার পাল বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই। তবে পরিস্থিতি আগের চেয়ে ভালো।’ জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন দাবি করেন, তাঁর স্কুলে ঠিকমতো ক্লাস হয়।বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ননী গোপাল জলদাস বলেন, দীর্ঘদিন বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে। এসব পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকেরা অন্য কোনো শিক্ষকের নির্দেশনা মানতে চান না। এ সমস্যার সমাধান করতে হলে প্রধান শিক্ষক পদে নিয়োগ এবং জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতি দিয়ে পদগুলো পূরণ করতে হবে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।