২০টি সাংগঠনিক কমিটির সম্মেলন বাকি রেখে বগুড়া জেলা সম্মেলন করতে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। ছয় বছর পর আজ বৃহস্পতিবারের এই সম্মেলনে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০ সালে বগুড়া জেলা জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শরিফুল ইসলাম সভাপতি ও নুরুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক হন। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন। বগুড়া থেকে সাংসদ হন জাপার আরও দুই নেতা। কিন্তু সাংগঠনিক স্থবিরতা কাটেনি।
নেতা-কর্মীদের অভিযোগ, সাংসদেরা নিজেদের নিয়ে ব্যস্ত। কেউ দলের জন্য তেমন সময় দেন না। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নও করেন না।
সাংগঠনিক সূত্রে জানা গেছে, ছয় বছর পর জেলা কমিটির সম্মেলন হতে যাচ্ছে। অথচ বগুড়া সদর উপজেলা, শহর কমিটি, আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর কমিটি ছাড়া অন্য ২০টি সাংগঠনিক ইউনিটের সম্মেলন হয়নি। সম্মেলনের বদলে দুপচাঁচিয়া উপজেলা ও পৌরসভায় পকেট কমিটি করার অভিযোগ রয়েছে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাংসদ নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে।
দুপচাঁচিয়া উপজেলা জাপার আহ্বায়ক তৌহিদুর রহমান অভিযোগ করেন, ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করে উপজেলা সম্মেলনের জন্য তারিখ চাইলে জেলা কমিটির নেতারা নানা টালবাহানা করেন। কয়েক দিন আগে আহ্বায়ক কমিটিকে না জনিয়েই সাংসদ নুরুল ইসলাম তালুকদার তাঁর ভাই-ভাগনেসহ পরিবারের সদস্যদের নিয়ে পৌর ও উপজেলায় দুটি পকেট কমিটি করে জেলা কমিটির অনুমোদন নিয়েছেন। উপজেলা জাপার সভাপতি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য তসলিম উদ্দিনকে।
জেলা জাপার সভাপতি ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাংসদ শরিফুল ইসলামের নিজ এলাকায়ও দলের সাংগঠনিক অবস্থা নড়বড়ে। সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এই উপজেলায় দলীয় পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নেতা-কর্মীদের অভিযোগ, রায়নগর ইউনিয়নে সাংসদের শ্যালক ছিলেন স্বতন্ত্র প্রার্থী। তাঁকে জেতাতে সাংসদ জাপার দলীয় প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করান।
এসব বিষয়ে সাংসদ শরিফুল ইসলাম ও নুরুল ইসলাম তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।
তবে জেলা জাপার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ২৪টি সাংগঠনিক কমিটির মধ্যে এখন পর্যন্ত ২০টি কমিটির সম্মেলন বাকি রেখেই জেলা কমিটির সম্মেলন করতে হচ্ছে। দুপচাঁচিয়ায় পকেট কমিটির ব্যাপারে তিনি বলেন, ‘সেখানে সম্মেলন হয়নি, তারপরও কমিটি হয়েছে। এর চেয়ে বেশি কিছু মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।’
জেলা জাপার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তালুকদার অবশ্য বলেন, বগুড়ার সব সাংগঠনিক কমিটির সম্মেলন করতে চাইলেও পৌর ও ইউপি নির্বাচনের জন্য তা করা যায়নি। তবে জেলা সম্মেলনের পর বাকি সব উপজেলা ও পৌর কমিটির সম্মেলন শেষ করা হবে।