২০ সেপ্টেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর লালমনিরহাট সফরে আসছেন। তিনি এদিন তিস্তা সড়ক-সেতুর উদ্বোধন করবেন এবং লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী একই দিন বেলা দুইটায় রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কে নবনির্মিত ৭৫০ মিটার দীর্ঘ তিস্তা সড়ক-সেতুর উদ্বোধন করবেন। ওই দিন বেলা আড়াইটায় লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করার কথা রয়েছে।এরপর তিনি লালমনিরহাট রেলস্টেশন থেকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী রেললাইনের (সংস্কারের পর) উদ্বোধন করবেন। বেলা তিনটায় লালমনিরহাট নার্সিং ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, সোয়া তিনটায় গঙ্গাচড়া-বুড়িরহাট-মহিপুর-কৈলাশগঞ্জ-শংকরদহ-কাকিনা সড়কে তিস্তা নদীর ওপর ৮৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার দ্বিতীয় তিস্তা সড়ক-সেতু ও লালমনিরহাট-কুলাঘাট-ফুলবাড়ী-কুড়িগ্রাম দ্বিতীয় ধরলা সড়ক-সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে লালমনিরহাট জেলা কালেক্টরেট মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকারের সভাপতিত্বে ২০ সেপ্টেম্বরের প্রধানমন্ত্রীর লালমনিরহাটে আগমন ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকে কীভাবে সর্বাত্মক সুন্দর ও সাফল্যমণ্ডিত করা যায়, তা আলোচনার জন্য একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, এর আগে ১৮ জুলাই প্রধানমন্ত্রীর তিস্তা সড়ক-সেতুর উদ্বোধন করার কথা থাকলেও সেতুর কিছু কাজ অসমাপ্ত থাকায় তখন কর্মসূচি স্থগিত করা হয়। তিনি জানান, ২০ সেপ্টেম্বরের প্রধানমন্ত্রীর লালমনিরহাট আগমন ও সব কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মহল ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের পথে রয়েছে।