২০ হাজার আইসক্রিম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানা ও কাপড়ে ব্যবহার করা রং, কৃত্রিম সুগন্ধি ও অপরিশোধিত পানি দিয়ে তৈরি আইসক্রিম বাজারে বিক্রি করছিল একটি প্রতিষ্ঠান। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত গতকাল ওই কারখানায় অভিযান চালান। এ সময় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানায় বিক্রির জন্য মজুত করা ২০ হাজার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।
সূত্র জানায়, রাজধানীর মধ্য বাড্ডায় ওই কারখানাটি গড়ে তোলেন মো. শহীদুল্লাহ নামের এক ব্যক্তি। র্যা ব গোপন সূত্রে জানতে পারে, ওই প্রতিষ্ঠানটি শিল্পে ব্যবহৃত রং, কৃত্রিম সুগন্ধি ও অপরিশোধিত পানি দিয়ে আইসক্রিম তৈরি করছে। এ খবরের ভিত্তিতে গতকাল সকালে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের দলটি কারখানায় গিয়ে দেখতে পায, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া এসব আইসক্রিম তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় নামবিহীন কারখানার মালিক মো. শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ২০ হাজার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিন বলেন, এসব উপাদান দিয়ে তৈরি আইসক্রিম মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
আরও অভিযান: গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মধ্য বাড্ডার জুয়েল সুপার মার্কেটে শাওন দধি ভান্ডার ও ফাহিম দধি ভান্ডারে অভিযান চালান। আদালত দেখতে পান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি করা হচ্ছে। দুটি প্রতিষ্ঠান থেকে ১০০ কেজি দই জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানের মালিক আল আমিন (২০) ও ফয়সাল আহম্মেদকে (৩০) সাত হাজার টাকা জরিমানা করেন আদালত।