২০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার পাঁচজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মণিপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
মিরপুর থানার পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর থানার একদল পুলিশ পূর্ব মণিপুরের একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন সোহেল (২৮), মো. ফেরদৌস (৩০), মহসিন (২৮), মো. মোস্তফা (৩০) এবং মো. হাসান (৩৪)।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, দেশের সীমান্ত থেকে ইয়াবা কিনে তাঁরা ঢাকায় এনে বিক্রি করে আসছেন। গতকাল তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আবেদন পাঠানো হলে শুনানি শেষে আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।