২০ হাজার একর বন, পাহারায় দুই প্রহরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা রেঞ্জের অন্তত ২০ হাজার একর প্যারাবন পাহারা দিচ্ছেন মাত্র দুজন প্রহরী। এ ছাড়া বনাঞ্চল পাহারা দেওয়ার জন্য নেই কোনো যানবাহন। এ কারণে ভূমিদস্যু ও কাঠ পাচারকারীদের হাত থেকে প্যারাবন রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন বিভাগকে।যথাযথ পাহারা না থাকায় কাঠ পাচারকারী ও ভূমিদস্যুরা নির্বিচারে প্যারাবন নিধন করায় বনটি হুমকির মুখে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোরকঘাটা রেঞ্জের অধীনে ছয়টি বিটের আওতায় প্রায় ২০ হাজার একর প্যারাবন রয়েছে। এর মধ্যে মাতারবাড়ি বিটে দুই হাজার ৫০০ একর, ঝাপুয়ায় চার হাজার, বড়দিয়ায় এক হাজার ৫০০, ঘটিভাঙ্গায় ছয় হাজার, সোনাদিয়া দ্বীপে পাঁচ হাজার একর এবং পোকখালীতে এক হাজার একর প্যারাবন রয়েছে। এসব বনাঞ্চল রক্ষা ও পাহারা দেওয়ার জন্য দুই বিটে আছেন মাত্র দুজন প্রহরী। প্রহরীর বাকি ১০টি পদ শূন্য রয়েছে অনেক দিন ধরে।গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি বিটের মধ্যে প্রতিটিতে ১০ জন করে মোট ৬০ জন বিট কর্মকর্তা-কর্মচারী ও বনপ্রহরীর পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে সব মিলিয়ে আছেন মাত্র ২১ জন। বাকি ৩৯টি পদ অনেক দিন ধরে শূন্য। আর পাঁচটি বিট ঝাপুয়া, বড়দিয়া, সোনাদিয়া ও পোকখালীতে কোনো বিট কর্মকর্তা নেই। এসব বিটে বনপ্রহরীরা বিট কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বনপ্রহরী নেই ঝাপুয়া, বড়দিয়া, মাতারবাড়ি ও পোকখালী বিটেও।সরেজমিনে দেখা গেছে, মাতারবাড়ি, ঝাপুয়া, বড়দিয়া, সোনাদিয়া ও পোকখালীতে স্থায়ীভাবে কোনো বিট অফিস নেই। এসব বিটের কার্যক্রম চলছে ভাড়া করা বাসায়। কিন্তু এসব অস্থায়ী বিট অফিসগুলো প্যারাবনের পার্শ্ববর্তী না হওয়ায় ভূমিদস্যু ও কাঠ পাচারকারীরা প্রতিনিয়ত প্যারাবন কেটে নিয়ে যাচ্ছে। এতে প্যারাবন রক্ষা করতে পারছে না বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা-কর্মচারীরা।ঘটিভাঙ্গা বিট অফিসের বনপ্রহরী মোহাম্মদ জাকির হোসেন জানান, একজন লোক দিয়ে প্রায় ছয় হাজার একর বনাঞ্চল পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না। আর পাহারা দেওয়ার জন্য নেই কোনো যানবাহন।সোনাদিয়া বিটের বনপ্রহরী মোহাম্মদ শাহাব উদ্দিন জানান, একদিকে বাগান পাহারা দিতে গেলে অন্যদিকে ভূমিদস্যুরা গাছ কাটার তৎপরতা চালায়।ঝাপুয়া বিট কর্মকর্তার দায়িত্বরত বনপ্রহরী রমজান আলী জানান, ঝাপুয়ায় স্থায়ীভাবে কোনো বিট অফিস নেই। আগে একটি বিট অফিস ছিল, যা ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে। ফলে স্থায়ীভাবে কোনো বিট অফিস না থাকায় প্রায় আট কিলোমিটার দূরে একটি ভাড়া বাসা নিয়ে অফিস চালাতে হচ্ছে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, লোকবল-সংকটের কারণে প্যারাবন রক্ষা করা সম্ভব হচ্ছে না। কিন্তু প্যারাবন রক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে লোকবল ও যানবাহন সরবরাহ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার লেখা হলেও কোনো কাজ হচ্ছে না।কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগসহ ভেঙে যাওয়া বিট অফিসে নতুনভাবে ভবন নির্মাণের জন্য অনেকবার বন মন্ত্রণালয় অধিদপ্তরে আবেদন করা হয়েছে। প্যারাবন নিধন করার ঘটনার সত্যতা স্বীকার করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন।